ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যশোরে বিতর্ক প্রতিযোগিতা

যশোর প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে যশোরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্রের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাংবাদিক ও লেখক হাবিবুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল—‘সামাজিক সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম উপায়’। যুক্তি-খণ্ডন ও প্রাণবন্ত উপস্থাপনার মধ্য দিয়ে প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের হয়ে অংশ নেন শিক্ষার্থী জান্নাতি, জান্নাতুল ফেরদাউস মেঘ ও নুসরাত খাতুন। বিজিত পক্ষ দলের প্রতিযোগী ছিলেন সামিয়া সুলতানা, সুমাইয়া আক্তার ও শাহিদা আক্তার।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুকান্ত দাস এবং বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আজিজুর রহমান, বুলবুল নাহার ও মিমোশা মিম।
বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আয়োজিত সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন যশোর জেলা তথ্য কর্মকর্তা এলিন সাঈদ-উর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পাঠ করেন আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার। এর আগে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গুর ভয়াবহতা ও প্রতিকার সম্পর্কিত একটি সচেতনতামূলক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।





















