‘বঙ্গোপসাগর প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের ভাগ্য নির্ধারণ করছে’: প্রধানমন্ত্রী তারেক রহমান

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
বঙ্গোপসাগরের অপার ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বঙ্গোপসাগর প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলাদেশের সার্বিক ভাগ্য নির্ধারণে মুখ্য ভূমিকা রাখছে। আমাদের ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের সুবাদে সমুদ্রবন্দর, নৌপথ এবং প্রবৃদ্ধিভিত্তিক উপকূলীয় অর্থনীতি এখন বৈশ্বিক পরিমণ্ডলে এক নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম।
গতকাল শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান এসব গুরুত্বপূর্ণ কথা বলেন। ফ্ল্যাগশিপ এই সম্মেলনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ ও মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক, নীতি-নির্ধারক এবং বিশ্বখ্যাত গবেষক-বিশেষজ্ঞরা অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, “জাহাজ চলাচল, সামুদ্রিক মৎস্য সম্পদ, পর্যটন, উদীয়মান শক্তি ও জ্বালানি ক্ষেত্র এবং আঞ্চলিক সরবরাহ শৃঙ্খলে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা। আমাদের এই অভিন্ন ভূখণ্ডকে যৌথ প্রবৃদ্ধিতে রূপান্তর করতে গভীর দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সুসম্পর্ক প্রয়োজন। পারস্পরিক সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি শক্তিশালী আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারত্ব গড়ে তুলতে বাংলাদেশ সর্বদা ইতিবাচকভাবে কাজ করবে। তবে যেকোনো কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে সর্বাগ্রে প্রাধান্য দেব।”
দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়ন রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকারের প্রধান অগ্রাধিকার হলো অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, নীতিমালার ধারাবাহিকতা ধরে রাখা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার ত্বরান্বিত করা। বাংলাদেশ এখন শুধু ফাঁকা প্রতিশ্রুতিতে নয়, সরাসরি বাস্তবায়নের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। দেশকে একটি সমৃদ্ধ উৎপাদনমুখী কেন্দ্র ও বিশ্বমানের আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্যে পরিণত করতে প্রয়োজনীয় নীতিগত নিশ্চয়তা দেওয়া হচ্ছে।
নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন ও সামাজিক সুরক্ষায় সরকারের যুগান্তকারী উদ্যোগগুলোর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “অসহায় ও প্রান্তিক জনগণের সরাসরি উপকারে আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড এবং এক ছাতার নিচে সব নাগরিক সেবা দিতে ইউনিভার্সাল কার্ড চালুর কার্যক্রম হাতে নিয়েছি। স্বাস্থ্যসেবা প্রতিটি ঘরে পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে, যার প্রায় ৮০ শতাংশই হবেন নারী। এছাড়া সাধারণ ও কারিগরি শিক্ষার বিস্তার, স্কুলগুলোতে মিড-ডে মিল ও প্রথম শ্রেণি থেকেই বিনামূল্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণসহ তরুণ সমাজকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) দক্ষ করে গড়ে তোলার সার্বিক পদক্ষপে নেওয়া হচ্ছে।”
একটি শক্তিশালী ও টেকসই গ্রামীণ অর্থনীতিই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি বলে পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি প্রক্রিয়াজাতকরণ ও কৃষি পণ্য রপ্তানি শিল্পকে আরও আধুনিকায়ন করার আশ্বাস দেন।
























