আদালত থেকে হাতকড়া খুলে আসামি পলায়ন: কনস্টেবল বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক।।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বর থেকে হাতকড়া খুলে শরিফুল ইসলাম নামের এক বিচারাধীন আসামি পালিয়ে গেছেন। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কনস্টেবল আব্দুল আলীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ ও আদালত সূত্র জানায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) কোতোয়ালি থানার একটি মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য কারাগার থেকে আসামি শরিফুল ইসলামকে আদালতে হাজির করা হয়েছিল। কিন্তু সেদিন সাক্ষী উপস্থিত না থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। পরে হাজতখানায় ফিরিয়ে নেওয়ার পথে কনস্টেবল আব্দুল আলীমের দায়িত্বে থাকা অবস্থায় শরিফুল কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল আসামি পালানোর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়িত্বে অবহেলার দায়ে কনস্টেবল আব্দুল আলীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ডিএমপির এডিসি (এডমিন) নাসির আহমেদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন—এসি (প্রসিকিউশন) মেহেদী হাসান এবং ইন্সপেক্টর মো. জসিম। কীভাবে আসামি হাতকড়া খুলে পালিয়ে গেলেন এবং এতে কারও গাফিলতি ছিল কি না, তা এই কমিটি খতিয়ে দেখবে।
পুলিশ সূত্রে জানা গেছে, এটি শরিফুল ইসলামের প্রথম পলায়ন নয়। এর আগে ২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া খুলে পালিয়েছিলেন তিনি। ওই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হওয়ার পর তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল। সেই পুরনো মামলার সাক্ষ্যগ্রহণের জন্যই তাকে আবার আদালতে আনা হয়েছিল।
বর্তমানে পলাতক শরিফুল ইসলামকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


















