ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক।।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনি এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
রোববার (২৫ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে। ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ নির্ধারিত সময়ে নির্বাচনি এলাকায় অবস্থান করতে পারবেন না।
ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্বাচনে প্রার্থীরা হলেন- মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তী সময়ে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। এরপর শূন্য আসনে উপনির্বাচন আয়োজনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচনকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।


























