এবার এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক।।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে।
আজ শনিবার সকালে মামলাটি করেন মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী।
এজাহারে আবদুল হালিমকে একমাত্র নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮ থেকে ১০ জনকে। আসামিদের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগ আনা হয়েছে।
আজ সন্ধ্যায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, আবদুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী তদন্ত করবেন।
এজাহারের তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন বাদী ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পরে ওই জমি জবরদখলের পরিকল্পনা করেন আবদুল হালিম। এর জের ধরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান।
এতে বলা হয়, হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করেন। বাধা দিলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে তিনটি খাট, ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
বাদী এজাহারে উল্লেখ করেন, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় তাকে জেল খাটতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে জমিটি দখল করে নিয়েছেন আবদুল হালিম। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ায় ইদ্রিস আলী সপরিবার এলাকা ছেড়ে শ্বশুরবাড়ি আশ্রয় নেন।
এজাহারে আরও বলা হয়, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। এই কারণে আতঙ্কিত হয়ে তিনি থানায় এজাহার দায়ের করেছেন। ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এতদিন (হামলার ঘটনায়) মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেন ইদ্রিস আলী।
এ বিষয়ে বাদী ইদ্রিস আলী বলেন, ‘আবদুল হালিমের ভাইদের কাছ থেকে জমি কিনেছিলাম। কেনা জমিটা হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। গত বছরের ঘটনায় থানায় মামলা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমার নিজের কোনো জমি নেই। অন্যের জমিতে বসবাস করি। আমি থানায় বিচারের আশায় মামলা করেছি। আমি সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে এমপি নুসরাতের বাবা আবদুল হালিম বলেন, ‘মামলার বিষয়টি জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় তার অনেক মানুষের সঙ্গে বিরোধ আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সে পলাতক বলে জানি।’
তিনি আরও বলেন, ‘ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটা বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় এখন এসে মামলা করেছেন ইদ্রিস আলী। এ ব্যাপারে এখনো কিছুই জানি না।’
এর আগে গত বুধবার দিবাগত রাতে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন তিনি। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা এবং দৌলতপুর উপজেলা পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।
পর দিন ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের তদন্ত কমিটি করে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্বিতীয় দিনের মতো তদন্তকাজ চালিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি।




















