ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা নিহত, আশঙ্কাজনক মা

সাতক্ষীরার সংবাদদাতা।।
সাতক্ষীরার শ্যামনগরে ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার বিকেলে শ্যামনগর উপজেলার বংশীপুর ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ শ্যামনগর উপজেলার গোডাউন মোড় এলাকার বাসিন্দা। তার পুরোনো বাড়ি জয়নগর গাজীবাড়ি এলাকায়। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ তার ছোট ছেলের বিয়ের উদ্দেশ্যে আত্মীয়স্বজন ও বরযাত্রীদের নিয়ে ভেটখালী এলাকায় যাচ্ছিলেন। পথে পেচোর মোড় এলাকায় ভেটখালী থেকে বংশীপুরগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা তার স্ত্রী গুরুতর আহত হন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহত পরিবার অভিযোগ করলে মামলা নিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।





















