মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান, মানব পাচার ও মাদক কারবারে জড়িত দুই দালাল আটক

মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতা।।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মানব পাচার ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি। ছবি: প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মানব পাচার, মাদক চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পাসপোর্ট আইনে একাধিক মামলা রয়েছে।
৫৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/২৬-আর থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ শহরের পাকা সড়কে বিশেষ টহল পরিচালনা করা হয়। নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মানব পাচার ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগে মো. জহুরুল হক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক জহুরুল হক মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে তিনটি মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে লেবতলার বটতলা সড়কে পৃথক আরেকটি বিশেষ অভিযান চালায় বিজিবি। হাবিলদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চিহ্নিত মাদক কারবারি ও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগে মো. আকবর আলী মণ্ডল (৪০) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়।
আকবর আলী মণ্ডল মহেশপুর উপজেলার মাঠিলা মাঠপাড়া গ্রামের মৃত তাহির উদ্দিন মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটি এবং পাসপোর্ট আইনে একটি মামলা রয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।




















