বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ

অনলাইন ডেস্ক।।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা বিবেচনায় বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন কোম্পানির গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার।
আজ রোববার বিদ্যুৎ বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়। দেশের সার্বিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাকে জরুরি বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।
বিদ্যুৎ বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো), রুরাল পাওয়ার কোম্পানি (আরপিসিএল) ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান।
এর আগে রোববার সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।
























