কোটা সংস্কারের দাবিতে ইবিতে বিক্ষোভ, ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও নিহতের ঘটনায় বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। বুধবার (১৭ জুলাই) জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পাশাপাশি হল বন্ধেরও নির্দেশনা দেয়া হয়েছে। তবে হলগুলো খোলা রাখার দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) বিকাল চারটায় তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। এদিকে অবস্থান কর্মসূচির আগে বিক্ষোভরত অবস্থায় ইবি শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করেছে। কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ সময় ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কৈ’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন’, ‘কোটা আন্দোলনে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘ইবিয়ানরা আসছে, রাজপথ কাঁপছে’—সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
পরে বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন। সেখানে আন্দোলনকারী তিনটি দাবি জানান। দাবি গুলো হলো, আজকের মধ্যে ই হল খুলতে হবে, হলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। দাবিগুলোর পরিপ্রেক্ষিতে ইবি প্রশাসন আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। যদি কর্তৃপক্ষ আজকের মধ্যে হল না খুলে দেন, তাহলে পরবর্তীতে নতুন কর্মসূচি ঘোষণা দিবে বলে জানান আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলনকে দুর্বল করতে এ ষড়যন্ত্র করা হয়েছে। যখন সারা দেশে কোটা সংস্কার আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে তখনই আন্দোলনকে থামানোর জন্য তারা এটা করেছে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে হল খোলা দেখতে চাই। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে ততক্ষণ আমরা আন্দোলন করে যাব।
এর আগে কোটা পদ্ধতির সংস্কার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিকাল তিনটায় ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল শুরু করে তারা। বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী আন্দোলনে অংশ নেন।




















