মাগুরায় সাবেক এমপিসহ ১৭২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মাগুরার মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী সুমন নিহতের ঘটনায় মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য বীরেন শিকদার, তাঁর ভাই বিমলেন্দু শিকদার, মহম্মদপুর উপজেলা আ’লীলের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভাকেট আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটনসহ দলের ১৭২ নেতাকর্মীকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৫০০/৬০০ জনকে। গত বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে নিহত শিক্ষার্থী সুমনের পিতা, উপজেলার শ্রীপুর-বালিদিয়া গ্রামের কান্নুর রহমান বাদি হয়ে মামলাটি রুজু করেন।
প্রসঙ্গত: গত ৪ আগষ্ট সকালে মহম্মদপুর উপজেলা সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় উপজেলার শ্রীপুর-বালিদিয়া গ্রামের কান্নুর রহমানের কলেজ পড়ুয়া ছেলে সুমন (১৮)। এদিন দুপুরে মহম্মদপুর থানার অদূরে গুলিতে নিহত হয় সে। ময়নাতদন্ত ছাড়াই এদিন রাতে বালিদিয়া মাদ্রাসা সংলগ্ন গোরস্তানে মরদেহ দাফন করা হয়। সুমন নিহত হওয়ার ১১ দিন পর তার পিতা গত কান্নুর রহমান বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে মহম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর স্থানীয় আওয়ামী লীগের শ’ শ’ নেতাকর্মী আত্মগোপন করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মানান দাবি করেছেন ‘আমাকেসহ আমাদের দলীয় নেতাকর্মীদেরকে হ্যারাজ করার জন্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুর দাশ মন্ডল বলেন, ‘বাদির স্বাক্ষরিত কম্পিউটার টাইপকৃত এজাহার অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।’
























