পরকীয়ার অভিযোগে গৃহবধূ ও কথিত প্রেমিককে বর্বর নির্যাতন

পরকীয়া প্রেমের অভিযোগে এক গৃহবধূ ও তার কথিত প্রেমিককে ঘরের মধ্যে আটকে বর্বর নির্যাতন চালানো হয়েছে। ওই বধূকে পিটিয়ে, মাথা ও ভ্রুর চুল কেটে এবং সারা শরীরে গরম তেল ঢেলে পুড়িয়ে দেয়া হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাতক্ষীরা শহরের রাজারবাগান ঋষিপাড়ায় একটি ঘরের মধ্যে আটকে দুজনকে দফায় দফায় এই নির্যাতন চালায় ওই গৃহবধূর স্বামী ও তার স্বজনেরা। খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গৃহবধূ সাথীর স্বামী রাব্বি ও শ্বশুর আব্দুল বারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের নওশের আলী সরদারের ছেলে সাজ্জাদ হোসেন জানান, তার মেয়ে রুকাইয়া ইয়াসমিন সাথী গুনাকারকাটি দাখিল মাদ্রাসায় পড়াশুনা করতেন। আড়াই বছর আগে সাথীর সাথে সাতক্ষীরা শহরের রাজারাবাগান ঋষিপাড়ার আব্দুল বারীর ছেলে নয়ন হাসান রাব্বির বিয়ে হয়। রাব্বি একটি বেসরকারি কোম্পানির সেলসম্যান। দুই মাস আগে একটি মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলা ও তার সাথে অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় রাব্বি সাথীকে মারপিট করে বাপের বাড়িতে পাঠিয়ে দেন। কিছুদিন পর রাব্বি তাদের বাড়িতে যেয়ে ক্ষমা চেয়ে সাথীকে নিয়ে আসতে চান। সাথী যেতে রাজি না হওয়ায় মাঝে মাঝে রাব্বি তাদের (শ্বশুর) বাড়িতে যেতেন। দশ দিন আগে স্ত্রী সাথীকে বাড়িতে নিয়ে আসেন রাব্বি।
সাজ্জাদ হোসেন আরও জানান, পূর্বের ঘটনার জের ধরে জামাতা রাব্বি, তার বাবা আব্দুৃল বারিসহ কয়েকজন বারান্দায় বসে থাকা তার মেয়ে সাথী ও তাদেরই পরিচিত এক যুবককে ঘরের মধ্যে আটকে রেখে নির্যাতনের পর মাথা ন্যাড়া ও দুই চোখের ভ্রুর চুল কেটে দেয়। পরে তার সর্বাঙ্গে গরম তেল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাথীসহ দুজনের উপর এ নির্যাতন চালানো হলেও শ্বশুর বাড়ির লোকজনের হিংস্রতার মুখে স্থানীয়রা তাদের উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ জানানোর পর বিকেল সাড়ে ৩টার দিকে সদর থানা পুলিশ যেয়ে তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় সাথীকে শনিবার সন্ধ্যায় খুলনা ৫০০ শয্যা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে।
সাতক্ষীরা শহরের রাজারাবাগান ঋষিপাড়ার আব্দুল বারি জানান, তিনি মেডিকেল কলেজের পাশে সম্প্রতি বাড়ি করে সেখানে সস্ত্রীক বসবাস করছেন। ছেলে রাব্বি ও পুত্রবধূ সাথী রাজারবাগানের বাড়িতে থাকেন। রুকাইয়া ইয়াসমিন সাথী গুনাকারকাটি মাদ্রাসায় পড়াশুনা করার সময় আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের আব্দুল হানিফের ছেলে মোহাম্মদ হাবিবুল্লার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। হাবিবুল্লাহ বর্তমানে যশোরের আনছার ক্যাম্পের পাশে থেকে একটি কারখানায় কাজ করেন। এ কারণে মোহাম্মদ হাবিবুল্লাহ মাঝে মাঝে সাথীর সঙ্গে দেখা করতে সাতক্ষীরায় আসতেন। এ নিয়ে তার ছেলে রাব্বির সাথে পুত্রবধূ সাথীর ঝগড়া হতো। এর জের ধরে দুইমাস আগে সাথী বাপের বাড়িতে চলে যান। রাব্বি দশ দিন আগে তাকে বাড়িতে আনেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাব্বি বাড়িতে না থাকার সুযোগে হাবিবুল্লাহ সাথীর সাথে দেখা করতে আসেন। ঘরের মধ্যে তারা অনৈতিক সম্পর্ক গড়ে তুললে স্থানীয়রা রাব্বিকে খবর দেন। সকাল সাড়ে ৯টার দিকে অফিসে যাওয়ার সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনার সত্যতা মেলে। পরে দুজনকে মারপিট করা হয়।
প্রত্যক্ষদর্শী রাজারবাগান এলাকার শহর আলী, ভদ্রকান্ত দাস, সেলিনা খাতুনসহ কয়েকজন জানান, যেভাবে ঘরের মধ্যে আটকে রেখে রুকাইয়া ইয়াসমিন সাথী ও হাবিবুল্লার মাথার চুল কেটে, ভ্রু তুলে ফেলে, পিটিয়ে ও শরীরে গরম তেল ঢেলে নির্যাতন করা হয়েছে তা যে কোন মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। তাদের সহিংসতার মুখে স্থানীয়রা সাথী ও হাবিবুল্লাহকে উদ্ধার করতে পারেননি।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবীর হোসেন জানান. রুকাইয়া ইয়াসমিন সাথীর যৌনাঙ্গসহ সারা শরীরের বিভিন্ন স্থান গরম তেল জাতীয় পদার্থ দিয়ে ঝলসে দেয়া হয়েছে। তার অবস্থা আশংকাজনক। তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে। নির্যাতনের শিকার যুবক মোহাম্মদ হাবিবুল্লার মাথা ও পায়ে ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, রুকাইয়া ইয়াসমিন সাথী ও হাবিবুল্লাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে রাব্বি ও তার বাবা আব্দুল বারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় রুকাইয়া ইয়াসমিনের বাবা সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।





















