দিন-দুপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড়ে অঞ্জলি রানী বিশ্বাস (৫৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত অঞ্জলি ওই পাড়ার নরসুন্দর গণেশ পরামানিকের স্ত্রী।
নিহতের স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে অঞ্জলিকে গলা কেটে হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
নিহতের ছোট ভাই অশোক কুমার বলেন, ‘আমার বোনের কোন সন্তানাদি না থাকায় আমার মেয়ে তার সঙ্গে থাকতো। মেয়ে কলেজ থেকে ফিরে বাড়িতে এসে দেখে মরদেহ পড়ে আছে। বিষয়টি আমাকে জানালে আমিও দোকান বন্ধ করে চলে আসি’।
তিনি আরও বলেন, ‘আমার বোন অসুস্থ তাই মেয়ের সঙ্গে সকালে চিকিৎসকের নিকট যাওয়ার কথা ছিল। আমার বোনের শরীরে পরিহিত গহনা ঠিক থাকলে ঘরের বাক্সের তালা ভেঙে তিন ভরি সোনার গহনা ও নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে। ধারণা করছি আমার বোনকে হত্যার পর ডাকাতরা লুট করে পালিয়ে গেছে’।
এদিকে, জনবহুল এলাকায় দিন-দুপুরে বাড়িতে ঢুকে হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে। ঘটনার পর পুলিশের জেলা পর্যায়ের কর্মকতা, সিআইডি পুলিশসহ বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহ করেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। নগদ টাকা বা স্বর্ণালংকার লুট হয়েছে কিনা এ তথ্য আমরা পাইনি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনের নাম পেয়েছি। আমরা অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছি’।।





















