চুয়াডাঙ্গার দর্শনায় দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

দর্শনায় ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০ টি সোনার বার উদ্ধার হয়েছে। তবে পাচারকারী চক্রের কাউকে আটক করা যায়নি।
দর্শনাসহ আশপাশ এলাকার সিমান্তগুলো স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে চোরাকারবারীরা। একের পর এক স্বর্ণ চালানসহ আটক হচ্ছে পাচারকারী। গত ৩ দিনের ব্যবধানে পৃথক দুটি অভিযানে দর্শনা সিমান্ত এলাকায় প্রায় পৌনে ৩ কোটি টাকা মূল্যের ১৯ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এবার দেড় কোটি টাকা মূল্যের ১০ টি সোনার বার উদ্ধার করলেও আটক হয়নি কোন পাচারকারীচক্রের সদস্য। মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নির্দেশে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদি বিজিবি ক্যাম্পের হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে স্বর্ণ চোরাচালান বিরোধী অভিযান চালান ভারত সিমান্তের ৮০ গজ বাংলাদেশের অভ্যান্তরে নাস্তিপুরের একটি আম বাগানে। এ সময় বিজিবি সদস্যরা সিমান্ত এলাকায় এক ব্যাক্তিকে চ্যালেঞ্জ করে দাড়াতে বললে সে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পিছু ধাওয়া করেও ওই পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি। তবে ব্যাগটি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০ টি সোনার বার। যার আনুমানিক বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। এ ঘটনায় হাবিলদার ওবায়দুর রহমান বাদি হয়ে দর্শনা থানায় দায়ের করেছেন মামলা। উদ্ধারকৃত সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দিয়েছেন।।




















