কোটচাঁদপুরের পল্লীতে ডাকাতি

ঝিনাইদহের কোটচাঁদপুরের পল্লীতে একজন পশু চিকিৎসকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা চকলেট বাজি ফুটিয়ে ও ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তালসার ঘাগা গ্রামে।
বাড়ির মালিক পশু চিকিৎসক সুবল চন্দ্র পরামানিক জানান, শুক্রবার তার বাড়িতে হালখাতা ছিল। এ উপলক্ষে তার মেয়ে ও জামাতা বাড়িতে বেড়াতে আসেন। রাত সাড়ে ১০টার দিকে জামাতা ঘর হতে বাইরে বের হতে গেলে বাইরে ওৎ পেতে থাকা ৪/৫ জনের ডাকাতদল জামাইকে ধরে ফেলে। সেই সাথে তার বাম হাতে ধারাল অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে জামাতা অরুণ চন্দ্র রায় রক্তাক্ত জখম হন। এসময় ডাকাত দল ঘরে ডুকে ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে দুটি ঘর তছনছ করে। তারা ২০/২৫ মিনিটের মধ্যে নগদ দুই লাখ টাকা ও এক ভরি সোনার গহনা নিয়ে দ্রুত বেরিয়ে যায়। এসময় ডাকাতেরা ৮/১০টি চকলেট বাজি ফুটিয়ে আতংক সৃষ্টি করে।
ওই এলাকার সাবেক মেম্বর নারায়ন চন্দ্র ঘোষ বলেন, ‘অনেকে বোমার শব্দের কথা বললেও ওটা বোমার শব্দ বলে আমার মনে হয়নি। চকলেট বাজির শব্দ বলে আমার মনে হয়েছে। এই শব্দ শুনেই আমি ঘটনাস্থলে আসি। ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়। পরে স্থানীয় ফাঁড়ি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে’।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার বিস্তারিত শুনে থানায় লিখিত অভিযোগের পরামর্শ দিয়ে এসেছি। তবে তারা এখনো (শনিবার দুপুর ২টা) অভিযোগ করেনি। তার পরও পুলিশ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে’।
























