দর্শনা কেরুর চিনি শিল্প এলাকায় ফের বোমা, আতঙ্কে এলাকাবাসি

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) চত্বরে দুই দিনের ব্যবধানে আবারও সন্দেহজনক বস্তু পাওয়ার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দর্শনা থানা পুলিশের ধারণা, এটি একটি ককটেল বোমা ।
দর্শনা কেরুর ভোট স্থগিত হওয়ার পর থেকে: আতঙ্ক সৃষ্টির পেছনে দায়ী কারা?।
কেরু চিনিকলে শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগিত হওয়ার পরপরই এই ধরনের ঘটনা ঘটতে থাকায় প্রশ্ন উঠেছে—এই আতঙ্ক ছড়ানোর পেছনে কারা জড়িত? শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে প্রতিষ্ঠানের চত্বরে একটি কালো টেপ মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান এক যুবক। তিনি তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মীদের জানান। এরপর পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতা জারি করে।
এর আগে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) একই স্থানে লাল টেপ মোড়ানো একটি বস্তু পাওয়া গিয়েছিল, যা পরে বিস্ফোরিত করা হয়। বৃহস্পতিবার সকালে কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশের ঝোপে বস্তুটি দেখতে পান নিরাপত্তা কর্মীরা। তারা সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকে রাত পর্যন্ত বস্তুটি ঘিরে রাখেন। রাত ৯টার দিকে রাজশাহী থেকে আসা র্যাব-৫-এর বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি বিস্ফোরিত করে।
স্থানীয় বাসিন্দা ও প্রতিষ্ঠানের কিছু কর্মচারীর অভিযোগ , শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে কোনো পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন ঘটনা ঘটাচ্ছে। তারা প্রশাসনের দুর্বলতা ও সময়মতো ব্যবস্থা না নেওয়ার বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকের মতে, প্রথম ঘটনার পর কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলে দ্বিতীয়বার সন্দেহজনক বস্তু পাওয়ার ঘটনা ঘটত না।
এই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে। তাদের মতে, পুলিশ এবং অন্যান্য বাহিনী যথাযথ সতর্কতা ও ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তারা দাবি করছেন, এমন সংবেদনশীল পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান, শনিবার পাওয়া বস্তুটিও কালো টেপ মোড়ানো ছিল এবং পূর্বের ককটেল বোমার মতোই দেখতে। তিনি আরও বলেন, আগের ঘটনার পর কেরু কোম্পানি কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। ইতিমধ্যে রাজশাহী র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দলকে নতুন পাওয়া বস্তুটির ব্যাপারে জানানো হয়েছে।
স্থানীয়দের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।।





















