চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, দুজন আটক

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে প্রায় ৩ কোটি টাকার বাজার মূল্যের ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ দুজন স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল নাজমুল হাসান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিস্তারিত জানা যায়, দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের পরিচয় জানা গেছে, তারা হলেন চুয়াডাঙ্গা দামুড়হুদার পীরপুরকুল্লাহ গ্রামের রফিকুল ইসলাম (৪২) এবং কুমিল্লা দেবীদ্বার হোসেনপুর গ্রামের লিটন খান (২৬)।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাসে স্বর্ণ চোরাচালান করা হতে পারে। এ খবর পেয়ে বিজিবির একটি বিশেষ দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয়। দুপুর ১টার দিকে বাসটি বিজিবি ব্যাটালিয়ন সদরের সামনে পৌঁছালে তা গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় দুজনের দেহ থেকে অভিনব পদ্ধতিতে লুকানো ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন এবং ১০ হাজার ১৯০ টাকা নগদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য জিনিসপত্রের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।





















