‘ভালো মানুষের’ ছদ্মবেশে ওসির নানা অপকর্ম

সবার কাছে তিনি ”ভালো মানুষ” হিসেবেই পরিচিত ছিলেন।মসজিদে নিয়মিত কুরআন তেলাওয়াত, জিকির আজগর, জামাতে নামাজ আদায় সহ করতেন নানা মানবিক ও সামাজিক কাজ। কিন্তু এ সবই নাকি ছিল মেকি। এগুলোর আড়ালেই তিনি করে যেতেন নানা অপকর্ম। এমন অভিযোগ ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)ফরিদ আহমেদের বিরুদ্ধে।
মাত্র ১৫৯ দিন দায়িত্ব পালন করা এই ওসি অল্প দিনেই বেশ আলোচনা-সমালোচনার পাত্র হয়েছেন । তিনবার জেলার শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো-টলারেন্স, গরিবদের দান-সদকা এবং মসজিদে নিয়মিত নামাজ আদায় ও কুরআন তেলাওয়াত করে স্থানীয়দেরও প্রশংসা কুড়িয়েছেন। তবে তার বদলি আদেশের সাথে ফাঁস হচ্ছে নানা কাহিনী। কয়েকজন পাওনাদার থানায় জড়ো হলে খুলে যায় ওসির মুখাশ।
বিভিন্ন অপকর্ম করে বেড়ানোর অভিযোগ উঠছে ওসি ফরিদের বিরুদ্ধে। মাদক কারবারিদের ধরে ৫৪ ধারায় চালান করে তিনি নিতেন মোটা অঙ্কের বকশিশ। ফলস্বরূপ পরদিনই আসামি ছাড়া পেয়ে যেত। তেমনি ফ্যাসিস্ট সরকারের দোসর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী আখ্যা দিয়েও মামলা বাণিজ্য করতেন। বিভিন্ন হাটবাজারে সরকারি খাস জায়গায় গড়ে ওঠা দোকান, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতেন । কোনো কোনো অস্থায়ী ব্যবসায়ীকে ধরে এনে জেলহাজতে পাঠাতেন। নিয়মিত সাপ্তাহিক ও মাসিক চাঁদার বিনিময়ে ব্যবসার সুযোগ করে দিতেন। এছাড়া কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে বাকিতেও মালামাল নিয়ে টাকা দিতেননা এই ওসি।
ওষুধ ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, তাকে আওয়ামী লীগ নেতা হিসাবে ধরে থানায় নিয়ে যান ওসি ফরিদ। পরে কঠিন মামলা দিয়ে জেলের ভয় দেখিয়ে তার পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা আদায় করেন। বর্তমানে দেলোয়ার জেলহাজতে রয়েছেন।
এছাড়াও নান্দাইল চৌরাস্তা বাজারের ব্যবসায়ী রুবেল, কাজল মিয়াসহ আরও কয়েকজনকে ধরে এনে জেলহাজতে পাঠানোর হুমকি দেন তিনি। পরে মাসিক ২ হাজার-৫ হাজার টাকা চাঁদা দেওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। প্রতি মাসেই লোক পাঠিয়ে ওসি টাকা নিতেন।
১৪ মার্চ অজ্ঞাত কারণে তাকে ময়মনসিংহ পুলিশ অফিসে বদলি করা হয়। ফলে শুক্রবার ভোর রাতেই তড়িঘড়ি করে ময়মনসিংহ পুলিশ অফিসে যোগ দেন তিনি। ওসির বদলির খবরে পাওনাদাররা থানায় এসে ওসিকে খুঁজতে থাকেন এবং ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর শুক্রবার রাতে থানায় এসে দুজন পাওনাদারে টাকা পরিশোধ করেন ওসি।
নান্দাইল বাজার প্রাইম কালেকশনের মালিক মোফাজ্জল হোসেন খান রেণু বলেন, ওসি ফরিদ আমার কাছ থেকে ফ্রিজ, ফার্নিচারসহ বিভিন্ন পণ্যসামগ্রী নিয়েছিলেন। শুক্রবার বকেয়া ১ লাখ ৪ হাজার ২৫০ টাকা পরিশোধ করেন তিনি।
সূবর্ণ ইলেকট্রনিক্সের মালিক ব্যবসায়ী ফরহাদ মিয়া জানান, ওসির কাছ থেকে তিনিও বকেয়া ১১ হাজার টাকা ফেরত পেয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ওসি বলেছেন, একটু ভুল বোঝাবুঝি হয়েছিল।পাওনাদারের টাকা পরিশোধ করে দিয়েছি। আমার নামে এগুলো গুজব রটানো হচ্ছে।





















