চুরি ডাকাতি রোধে সতর্ক র্যাব-পুলিশ

ঈদের ছুটিতে নাড়ির টানে অন্তত কোটি মানুষ রাজধানী ছেড়েছে। ইতোমধ্যে ঢাকার অলিগলি সুনসান এবং বাসাবাড়ি অধিকাংশই ফাঁকা হয়ে পড়েছে। এই ফাঁকা ঢাকায় আছে চুরি-ডাকাতির মতো অপরাধ বেড়ে যাওয়ার শঙ্কা। এর সঙ্গে রয়েছে ছিনতাইসহ নানা অপরাধ সংঘটনের সুযোগ। এরই মধ্যে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজধানীকে নিরাপত্তায় আগলে রাখার কাজ শুরু করেছে। ঈদের ছুটিতে রাজধানীর ৫০টি থানা এলাকায় ৬৬৭টি টহল টিম কাজ করবে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানে বসবে ৭১টি চেকপোস্ট। এ ছাড়া কূটনৈতিক পাড়া ও গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হবে যৌথ বাহিনীর টহল টিম। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকায় এবার ঈদে প্রায় ২০ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া র্যাব, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। পাশাপাশি প্রতিদিন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লকরেড হচ্ছে। ঈদগাহ ও আশপাশের এলাকায় ডিএমপির ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। সিসিক্যামেরা, ড্রোন প্যাট্রোলিং, সাইবার পেট্রোলিং ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আশা করছি, আসন্ন ঈদে পুলিশের তৎপরতায় অপরাধ অনেকাংশে কম থাকবে। এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই। তিনি বলেন, ঈদের সময় গ্রামের বাড়িতে যাওয়ার আগে বাসাবাড়ি, দোকানপাটসহ ব্যবসাপ্রতিষ্ঠানে নিজ দায়িত্বে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ নিজ সম্পদের দেখভালের প্রথম দায়িত্ব নিজের। এরপর পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। তবে বিভিন্ন ধরনের গুজবকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির শঙ্কা রয়েছে। কূটনৈতিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে সামরিক বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবিসহ যৌথ বাহিনীর নিরাপত্তা টহল বাড়ানো হচ্ছে। ঈদ নির্বিঘ্ন করতে ঢাকার বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসানো হবে। বিভিন্ন আবাসিক হোটেল ও বস্তিতে অভিযান বাড়ানো হবে। চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হবে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেছেন, ঈদুল ফিতর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ও ঈদে বাসাবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের সার্বিক নিরাপত্তায় পুলিশ সব প্রস্তুতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে রাজধানীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ৫০টি থানা এলাকায় প্রতিদিন জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করছে। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি ৭১টি চেকপোস্ট পরিচালনা করছে। পুলিশকে সহায়তার জন্য ইতোমধ্যে ‘অক্সিলিয়ারি ফোর্স’ নিয়োগ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা কার্যকর ভূমিকা পালন করবে।
পুলিশ বলছে, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের দায়িত্বে নিয়োজিত নিরাপত্তারক্ষীদের ডিউটি জোরদার করতে বলা হয়েছে। সেই সঙ্গে যে কোনো অবৈধ অনুপ্রবেশ রোধে দিনরাত ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখতে হবে। পুলিশের পাশাপাশি মালিকপক্ষকে স্ব স্ব মার্কেট বা শপিংমলের নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং এলাকার থানা বা ফাঁড়ির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঈদে ফাঁকা ঢাকায় অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নগরবাসী। চুরি, ছিনতাই ও ডাকাতি ভয়ের অন্যতম কারণ। ফাঁকা রাজধানীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে ডিএমপি ও র?্যাব। রাস্তায় তল্লাশিচৌকির পাশাপাশি বিপণিবিতান ও আবাসিক এলাকায় টহল জোরদার করা হয়েছে। থানা-পুলিশের বাইরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) পুলিশ দল, পুলিশের বিশেষায়িত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), গোয়েন্দা পুলিশ (ডিবি) আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে।
আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তর ও কর্মকর্তা সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি ঝুঁকি রয়েছে। ঈদের ছুটিতে মানুষ সামাজিক মাধ্যমে বেশি সময় ব্যয় করে, তাই গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরি করা সহজ। সেই সুযোগটি কাজে লাগাতে পারে অপরাধী চক্র। বিষয়টি আমলে নিয়ে সাইবার প্যাট্রোলিং বাড়ানো হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, র্যাবের সবকটি ব্যাটালিয়ন টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। ঈদে র্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট ও মোবাইল প্যাট্রল, ভেহিক্যাল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসি ক্যামেরার মনিটরিং কাজ করবে। বিভিন্ন ঈদগাহ ও গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করবে। যে কোনো নাশকতা বা হামলা মোকাবিলায় র্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি র্যাব এয়ার উইংয়ের হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
























