চুয়াডাঙ্গায় টাউন মাঠের পাশে যুবককে কুপিয়ে জখম, গুরুতর অবস্থায় হাসপাতালে

চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত যুবকের নাম নিপুন সাহা (২৫)। তিনি টাউন মাঠ এলাকার একটি বাসায় পরিবারসহ ভাড়া থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কয়েকজন যুবক নিপুন সাহাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, নিপুনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলু জানান, তিনি ঘটনাস্থলের কাছাকাছি ডিউটিতে ছিলেন। হঠাৎ তিনি দেখতে পান কয়েকজন যুবক একজনকে মারধর করছে। তিনি এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় নিপুনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিপুন জানিয়েছেন, জেবু নামের একজন ব্যক্তি এবং তার সহযোগীরা এই হামলার সঙ্গে জড়িত।
পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং হামলাকারীদের চিহ্নিত ও আটক করতে অভিযান শুরু করেছে।





















