ইবনে সিনা হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ

যশোর শহরের ইবনে সিনা হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। ২৩ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি গ্রহণ করে।
ইবনে সিনা হাসপাতাল সূত্রে জানা যায়, ১০১ নম্বর মহিলা স্যাম্পল কালেকশন রুমে একটি টয়লেট রয়েছে, যা নারী রোগীরা ব্যবহার করে থাকেন। রাতের শিফটে কর্মরত ক্লিনার আল আমিন হোসেন নিয়মিত পরিষ্কার করার সময় টয়লেটের একটি ঝুড়িতে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।
হাসপাতালের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আসিফ নেওয়াজ গ্রামের কাগজকে জানান, খবর পাওয়ার পর তিনি ও অন্যান্য কর্মকর্তা দ্রুত সেখানে ছুটে যান এবং নবজাতকটিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম এসআই তানিমের নেতৃত্বে হাসপাতালে পৌঁছে নবজাতকের মরদেহ গ্রহণ করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত গ্রামের কাগজকে জানান, “হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এ ঘটনায় হাসপাতালে ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।






















