যশোরে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ আটক

যশোর শহরের লোন অফিসপাড়া এলাকায় ৬ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল মালেক (৬৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। শুক্রবার দুপুরে অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুর মা।
শিশুটির মা জানান , তার মেয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মতো বিকেলে অন্যান্য শিশুদের সঙ্গে লোন অফিস পাড়ার পানহাটের পাশে তিব্বত কোহিনুর কেমিক্যাল অফিস এলাকায় খেলছিল। খেলার সময় তিব্বত কেমিকেলসের কর্মচারী মালেক আম খাওয়ানোর প্রলোভনে শিশুটিকে পাশের গলিতে নিয়ে গিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় ওই শিশু যৌন নিপীড়নের শিকার হন। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে জানাজানি হলে তারা কোতোয়াল থানায় দারস্ত হন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন , অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আব্দুল মালেককে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
























