কালীগঞ্জে ছাত্রলীগ কর্মীর দোকান থেকে ধারাল অস্ত্র উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শিবনগর এলাকায় রুবেল হোসেন নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন কর্মীর দোকান থেকে ধারাল অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
রুবেল হোসেন শিবনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, শিবনগর মন্দিরের পাশে আক্তার হোসেনের একটি দোকান ভাড়া নেন রুবেল হোসেন। সেই দোকানে আসবাবপত্রের কাজ চলছিল। সোমবার সকালে তুচ্ছ ঘটনায় চঞ্চল নামে একজনকে মারধর করেন তিনি। এরপরই তার দোকান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারের সময় রুবেল হোসেনের মা দোকানে উপস্থিত ছিলেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে।
কালীগঞ্জ থানার এসআই হাসান আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে কয়েকটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও একটি কালো রঙের টেপ জড়ানো ককটেল উদ্ধার করা হয়েছে। সেটি বিস্ফোরক জাতীয় কিনা পরীক্ষা করে বলা যাবে।





















