সাতক্ষীরায় সোনার বারসহ নারী আটক

সাতক্ষীরায় ছয় পিস সোনার বারসহ নাসরিন নাহার (৩০) নামে একজনকে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে সাতক্ষীরার বাঁকাল চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক নাসরিন নাহার ভোমরা এলাকার ইমাম হোসেনের স্ত্রী।
বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিজিবি সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।
তিনি জানান, বাঁকাল চেকপোস্ট সংলগ্ন আলীপুর নামক এলাকা দিয়ে সোনা ভারতে পাচার হবে এমন খবর পেয়ে বিজিবির হাবিলদার শাহীন আহম্মেদের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে নাসরিন নামে এক নারীকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ছয়টি সোনার বার, নগদ ১৩ হাজার টাকা এবং একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার সোনার ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম। যার মূল্য ছিয়াত্তর লাখ চুয়াত্তর হাজার পাঁচশ’ সাইত্রিশ টাকা। জব্দ সোনার বার ও নগদ টাকা সাতক্ষীরা ট্রেজারিতে জমা এবং আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।





















