স্ত্রীর নগ্ন ছবি ধারণ করে চাঁদা দাবির অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

যশোরে স্ত্রীর নগ্ন ছবি ধারণ করে চার লাখ টাকা চাঁদা দাবি অন্যথায় ফেসবুকে ছেড়ে দেওয়ার অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার যশোর শহরের পুরাতন কসবা এলাকার ভুক্তভোগী ওই নারী মামলাটি করেছেন।
বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বিশেষ পুলিশ সুপারকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।
আসামি মামুন সিকদার ঢাকার সাভার উপজেলার সবুজবাগ ছায়াবিথির আব্দুল মান্নান সিকদারের ছেলে।
বাদী মামলায় বলেছেন, আসামি বাদীর সম্পর্কে বিয়াই হন। সে কারণে তাদের পূর্ব পরিচয়। এরপর দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক মেয়ের জন্ম হয় তাদের। কিন্তু আসামি মামুনের চারিত্রিক স্খলন ঘটে। ফলে পরনারী আসক্ত হওয়ায় তাদের দাম্পত্য সম্পর্ক ছিন্ন হয়।
কিছুদিন যেতে না যেতেই নিজের ভুল স্বীকার করে ২০২৩ সালের ২৭ অক্টোবর আবারও পাঁচ লাখ টাকা দেনমোহর ধার্যে তাদের বিয়ে হয়। কিন্তু পূর্বের ন্যায় মামুন আবারও পরনারী আসক্ত হন। এই ঘটনায় বাধা দিলে তার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।
এরই মাঝে কৌশল অবলম্বন করে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে বিভিন্ন ধরণের নগ্ন ছবি মোবাইল ফোনে ধারণ করেন মামুন। বাদী বিষয়টি বুঝতে পারেননি। ওই ঘটনায় মতবিরোধের কারণে বাদী তিনটি সন্তানসহ পিতার বাড়িতে চলে যানন। এরপর ২০২৪ সালের ১১ জানুয়ারি আসামি মামুনকে তালাক দেন বাদী। তখন মামুন বাদীর কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে রাজি না হলে ১১ নভেম্বর থেকে ১ মে পর্যন্ত নগ্ন সেই ছবিগুলো বাদীর মোবাইলে এবং ফেসবুকে দিয়ে আবারও চাঁদা দাবি করেন মামুন। গত ৫ জুলাই আসামিকে বাদীর পিতার বাড়িতে ডেকে এনে ওই নগ্ন ছবি ডিলিট করতে বলা হয়। কিন্তু ডিলিট করতে রাজি হয়নি। বাধ্য হয়ে তিনি মামলা করেন।





















