চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশেষ টাস্কফোর্স অভিযানে প্রায় ১৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিষ্ণপুর, জুড়ানপুর ও নথিপোতা গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিজিবির এক প্লাটুন সদস্য, দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাশফিকুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা মো. ফারুক মহলদার ও থানা পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অংশ নেয়।
অভিযানে ১০০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ টাকা। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে জালগুলো ধ্বংস করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি নিয়মিতভাবে চোরাচালান, অবৈধ মজুদ ও পরিবেশবিধ্বংসী উপকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।





















