৩৬ ঘণ্টা পর টঙ্গীর বিল থেকে উদ্ধার হলো চুয়াডাঙ্গার জ্যোতির মরদেহ, সন্তানদের আহাজারি

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা।।
গাজীপুরের টঙ্গীতে একটি বিল থেকে চুয়াডাঙ্গার ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বিলের কচুরিপানার নিচে তার মরদেহ পাওয়া যায়।
জ্যোতি চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার বাসিন্দা ও মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে। দুই সন্তানের জননী ছিলেন তিনি। মা নেই—এ খবরে শিশু দুটি বারবার কান্নায় ভেঙে পড়ছে।
ফায়ার সার্ভিস জানায়, গত রোববার রাত সোয়া ৮টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ সরবরাহের সময় ভারী বৃষ্টিতে সড়কের একটি খোলা ম্যানহোলে পড়ে যান জ্যোতি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন।
স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারে চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সিটি করপোরেশন যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। টানা তিনদিন চেষ্টার পর টঙ্গীর এরশাদনগর এলাকার একটি বিলে তার মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনার পর চুয়াডাঙ্গায় চলছে শোকের ছায়া। স্থানীয়রা অব্যবস্থাপনার কারণে এমন প্রাণহানিতে ক্ষোভ প্রকাশ করেছেন।





















