ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের ঘটনায় হাইকোর্টের কঠোর নির্দেশ

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে বিপুল পরিমাণ সাদাপাথর অবৈধভাবে উত্তোলন ও সরিয়ে ফেলার ঘটনায় হাইকোর্ট কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এই লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের একটি সম্পূর্ণ তালিকা তৈরি করে ৬০ দিনের মধ্যে হলফনামা আকারে আদালতে জমা দিতে হবে। সিলেট জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এই নির্দেশ জারি করা হয়েছে।
আদালত আরও নির্দেশ দিয়েছেন, লুট হওয়া সাদা পাথরগুলো দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে আগামী সাত দিনের মধ্যে ভোলাগঞ্জের কোয়ারিতে ফিরিয়ে আনতে হবে। এই কাজে সিভিল প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা করতে বলা হয়েছে।
বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুল জারিসহ এই আদেশ দেন। একটি জনস্বার্থমূলক রিটের প্রাথমিক শুনানির পর আদালত এই সিদ্ধান্ত নেন। বিভিন্ন দৈনিকে প্রকাশিত “সিলেটের সাদাপাথর গায়েব: প্রশাসনের নিষ্ক্রিয়তায় নজিরবিহীন লুটপাট” শিরোনামের প্রতিবেদনের ভিত্তিতে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর পক্ষে চারজন আইনজীবী এই রিট আবেদনটি করেন।
আদেশে আদালত বলেন, এই অবৈধ পাথর উত্তোলনের ফলে পরিবেশ ও প্রতিবেশের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিরূপণ করতে হবে। এই লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন অধ্যাপককে নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে তাদের প্রতিবেদন হলফনামা আকারে আদালতে দাখিল করবে। পরিবেশ সচিব এবং খনিজ সম্পদ সচিবকে এই বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আদালত আরও বলেছেন, ভোলাগঞ্জ কোয়ারি থেকে পাথর উত্তোলন ও সরানো সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। এ জন্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি মনিটরিং টিম গঠন করতে হবে এবং দুই সপ্তাহের মধ্যে আদালতের কাছে এর কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে।
এই রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি জানান, আদালত একটি রুল জারি করে জানতে চেয়েছেন কেন ভোলাগঞ্জ এলাকায় পাথর উত্তোলন নিয়ন্ত্রণে প্রশাসনের নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণা করা হবে না। একই সঙ্গে, পরিবেশ আইনের ৫ ধারা অনুযায়ী এই এলাকাকে ‘ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া’ হিসেবে ঘোষণা করা এবং পরিবেশের ক্ষতির জন্য দায়ী ব্যক্তিদের কাছ থেকে সমপরিমাণ অর্থ আদায়ের বিষয়েও জানতে চাওয়া হয়েছে।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।।





















