চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেফতার ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে অনলাইন জুয়াসাইট 1xBet-এর মাস্টার এজেন্ট শুভংকর কুমার দাস (২৩) ও তার সহযোগী হাফিজুল ইসলাম ওরফে হ্যাপি (২৫) কে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটে দামুড়হুদা থানাধীন জয়রামপুর দাসপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের নিকট থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত একাধিক দামী স্মার্টফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোতে 1xBet, Reddy, MelBet, MobCash, Telegram, Binance, bKash, SellFin, Nagad ও Rocket অ্যাপস লগইন অবস্থায় পাওয়া যায়।
অভিযানটি পরিচালনা করেন CCIC ইনচার্জ পুলিশ পরিদর্শক সামসুদ্দোহা। তার সঙ্গে উপ-পুলিশ পরিদর্শক সৌমিত্র সাহা, মুহিদ হাসান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক রজিবুল, রমেন, আরিফসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
পুলিশ জানায়, শুভংকর কুমার দাস দীর্ঘদিন ধরে অনলাইন জুয়াসাইট 1xBet-এর মাস্টার এজেন্ট হিসেবে কাজ করছিল। সে দামুড়হুদাসহ আশপাশ এলাকার তরুণদের টার্গেট করে তাদের ফোনে জুয়ার অ্যাপস ইন্সটল করে দিতো এবং রেজিস্ট্রেশন করিয়ে অনলাইন জুয়ার ফাঁদে ফেলে দিতো। কিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা ডিপোজিট ও উত্তোলন করে সে জুয়া পরিচালনা করছিল। এর ফলে অনেক তরুণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে, এমনকি ঋণের দায়ে আত্মহত্যার পথও বেছে নিচ্ছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা বলেন,
“বাংলাদেশে প্রচলিত 1xBet, MelBet সহ অধিকাংশ বেটিং সাইট রাশিয়া থেকে নিয়ন্ত্রণ করা হয়। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা পাঠালে দেশের অর্থ বাইরে চলে যায়। স্থানীয়ভাবে এসব সাইট পরিচালনার জন্য এজেন্ট নিয়োগ দেওয়া হয়। সরকার অনলাইন জুয়া প্রতিরোধে সাজা ও মোটা অংকের আর্থিক জরিমানার বিধান রেখে সাইবার সুরক্ষা আইন অনুমোদন করেছে।”
তিনি আরও বলেন, “জেলার প্রতিটি থানায় অনলাইন জুয়া প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যুবসমাজকে এ ধরনের ধ্বংসাত্মক আসক্তি থেকে বিরত থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানাই।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।





















