যশোরে গুপ্তচর সন্দেহে একজন আটক, ভারতীয় মোবাইল সিমসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

অনলাইন ডেস্ক।।
যশোরে সাইফুল ইসলাম ওরফে আরিফুর রহমান সোহেল (৩২) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। এ সময় তার কাছ থেকে ভারতীয় মোবাইল ফোনের সিমকার্ড, ব্যাংকের ভিসা কার্ড, মেট্রোরেলের স্মার্ট কার্ডসহ বিভিন্ন সন্দেহভাজন মালামাল উদ্ধার করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে তিনি ভারতীয় গুপ্তচর হতে পারেন।
আটক সাইফুল ইসলাম ওরফে আরিফুর রহমান সোহেল ময়মনসিংহ সদর উপজেলার সম্ভুগঞ্জ এলাকার মৃত মাইনুল ইসলাম ওরফে মিজানুর রহমানের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা।
পুলিশের একটি সূত্র জানায়, কোতোয়ালি থানার এসআই মো. মোফাজ্জেল হোসেন বৃহস্পতিবার দুপুরে যশোর টাউন হল মাঠ থেকে ওই ব্যক্তিকে আটক করেন। এ সময় তার কাছে থাকা একটি বস্তার ভেতর থেকে বিভিন্ন অপারেটরের ২৬টি মোবাইল ফোনের সিমকার্ড (যার মধ্যে ২টি সচল এবং ১টি ভারতীয়), ১টি ভারতীয় মেট্রোরেলের স্মার্ট কার্ড, জনৈক রিতুরম্ভা সরকারের নামে ভারতীয় এসবিআই ব্যাংকের ১টি গ্লোবাল ভিসা কার্ড, আসিফ খান লেখা ১টি ভারতীয় ড্রাইভিং লাইসেন্সের ফটোকপিসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তির কথাবার্তা ও আচরণে পুলিশ ধারণা করছে, সরকারকে বেকায়দায় ফেলতে গুপ্তচরবৃত্তি অথবা বড় ধরনের ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত হয়ে থাকতে পারেন তিনি।
ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানান, আটক ব্যক্তিকে তারা ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছেন। প্রথমে নিজের নাম সাইফুল ইসলাম এবং বাড়ি ময়মনসিংহের সম্ভুগঞ্জ বলে দাবি করেন ওই ব্যক্তি। কিন্তু তারা ওই এলাকায় খোঁজ নিয়ে জানতে পারেন, সাইফুল ইসলাম নামের এই ব্যক্তিকে কেউ চেনেন না। পরবর্তীতে যশোরের একজন ইজিবাইক চালকের কাছ থেকে জানতে পেরেছেন, ওই ব্যক্তির নাম সোহেল। তার বাড়ি সদর উপজেলার কৃষ্ণবাটিতে। তারা বিভিন্ন মাধ্যমে স্বজনদের এসে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু কেউই আসেননি। এ কারণে তারা সন্দেহভাজন এই ব্যক্তিকে কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।
























