পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ চট্টগ্রাম বন্দরে

অনলাইন ডেস্ক।।
চারদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিএনএস সাইফ। শনিবার (৮ নভেম্বর) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উষ্ণ অভ্যর্থনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুসারে সঙ্গীত পরিবেশন করে। স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি এবং নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে, জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা তাদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।
বাংলাদেশে অবস্থানকালে পিএনএস সাইফ-এর অধিনায়ক ও কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালীন সময় জাহাজের কর্মকর্তা, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনীর ঘাঁটি ও জাহাজ পরিদর্শন করবেন।
এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও সদস্যরাও পিএনএস সাইফ পরিদর্শনের সুযোগ পাবেন।
দুই দেশের নৌবাহিনীর মধ্যে এ ধরনের শুভেচ্ছা সফর পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতামূলক সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট সূত্র।
























