অনলাইন জুয়াড়ি চক্রের ছয় সদস্যকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ

আইপিএল, বিপিএল, সিপিএলসহ বিভিন্ন অনলাইনে জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ছয় জুয়াড়িকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
তাদের মধ্যে রয়েছেন জেলার শীর্ষ পর্যায়ের এক জামায়াত নেতা শার্শা উপজেলার বাগুরী গ্রামের মাহাবুবুর রহমান মাসুম ও জামাতা ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাজমুল ওয়াহিদ মিল্লাত।
পুলিশের চাওয়া পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রিমান্ড না মঞ্জুর করে তাদেরকে জেলগেটে একদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
অপর আসামিরা হলেন ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামের আব্দুর রাজ্জাকের আর এক ছেলে নাজমুল শাহাদৎ, সাতক্ষীরা জেলা সদর উপজেলার আমতলা গ্রামের আনারুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম, একই গ্রামের মনিরুল হুদার ছেলে মোহাম্মদ জাহিদ হাসান এবং যশোর সদর উপজেলার বড় মেঘলা গ্রামের আলমগীরের ছেলে তারেক রহমান।
ডিবি জানায়, গত ২৭ মার্চ যশোরের ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মধ্যরাতে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজের আলী মোড়ের আব্দুল মান্নানের বাড়ির দুইতলার ফ্লাট থেকে তাদেরকে আটক করা করে। একইসাথে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে জুয়ার কাজে ব্যবহৃত পাঁচটি ল্যাপটপ, দশটি মোবাইল ফোন, দুটি ট্যাব, তিনটি হার্ডডিস্ক, ৩০টি মোবাইল সিম, বিকাশের এজেন্ট একাউন্টে থাকা দুই লাখ ৬৩ হাজার টাকা।
ডিবি জানায়, আটকরা ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে জুয়া খেলার আয়োজন করে আসছিলেন। তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে লোভনীয় প্রচারণা চালানো তাদের পেশা। এক্ষেত্রে তারা একাধিক আইডি ব্যবহার করেন। অল্প সময়ে প্রচুর অর্থ উপার্জনের লোভ দেখিয়ে যুব সমাজকে অনলাইন বেটিং এ আসক্ত করেন তারা।
অপর একটি সূত্র জানায়, জামায়াত নেতার ছেলে ও জামাতা প্রকাশ্যেই এসব অপকর্মে লিপ্ত ছিলেন। ওই নেতর রাজনৈতিক পরিচয় তারা ঢাল হিসেবে ব্যবহার করে নানা অপকর্ম করে বেড়াতেন। কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পেতেন না।





















