অভয়নগরে যুবককে উল্টো ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় একজন আটক

যশোরের অভয়নগরে ভ্যানচোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক যুবককে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় আহম্মদ আলী বেগ (৬৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বাগদাহ গ্রামের মৃত মোকছেদ আলী বেগের ছেলে।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগদাহ গ্রামের ইদ্রিস খার দোকানের সামনে ওই যুবকের উপর বর্বর নির্যাতনের সাথে আহম্মদ আলী বেগ জড়িত ছিলেন বলে পুলিশ দাবি করেছে।
এদিকে, নির্যাতনের শিকার ইউসুফ মল্লিকের পিতা শরিফ মল্লিক দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে অভয়নগর থানায় মামলা দায়ের করেছেন।
শরিফ মল্লিক বলেন, ‘আমার ছেলের বুদ্ধি কম। সে বাদাম বিক্রেতা। গলায় বাদামের ডালা ঝুলিয়ে এলাকায় ঘুরে ঘুরে বাদাম ও নারকেলের খাজা বিক্রি করে সে। ঘটনার দিনে আমার ছেলে বাড়িতে শুয়ে ছিল। এসময় আহম্মদ আলী বেগ, ইদ্রিস আলী খা, সবুজ মুন্সি, রনিসহ কয়েকজন মিলে ছেলেকে ইদ্রিস আলী খার দোকানের সামনে তুলে নিয়ে উল্টো করে ঝুলিয়ে বেদম মারপিট করে’। শরিফ মল্লিক কাঁদতে কাঁদতে জানান, তার ছেলে নির্দোষ, সে চুরির সাথে জড়িত নয়।
চলিশিয়া ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক শেখ জানান, বাগদাহ গ্রামের ভ্যানচালক ইসমাইল হোসেনের একটি ব্যাটারিচালিত ভ্যান গত মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে চুরি হয়ে যায়। খোঁজাখুঁজি করে না পেয়ে ইসমাইল প্রতিবেশি শরিফ মল্লিকের ছেলে ইউসুফ মল্লিককে সন্দেহ করে বাড়ি থেকে ডেকে নিয়ে দড়ি দিয়ে উল্টো করে গাছের ডালে ঝুলিয়ে অমানবিক নির্যাতন করে। এলাকার দুজন তরুণ ঘটনাস্থলে গিয়ে ইউসুফকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন’।
অভয়নগর থানার ওসি এমাদুল করিম জানান, মামলা রুজুর পর এক আসামিকে আটক করে যশোর জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
























