‘আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ মেয়াদে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম। সারা দেশের শিবির সদস্যরা অনলাইনে ভোট দিয়ে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচিত করেছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সমাপনী সেশনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন। এরপর সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন।
এদিকে ইসলামী ছাত্রশিবিরের কাউন্সিল ‘পাতানো এবং নাটকপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। নেতৃত্ব কারা আসবেন সেটি আগে থেকে নির্ধারিত থাকে বলেও অভিযোগ তার।
বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাছির।
নাসির উদ্দিন বলেন, ‘শিবিরের কাউন্সিল ছিল পাতানো। কাউন্সিলে কারা নেতৃত্বে যাবে সেটি পূর্বনির্ধারিত ছিল।’
ছাত্রশিবির প্রকাশ্যে রাজনীতি করতে চায় না দাবি করে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা দেখেছেন, তাদের (শিবির) এক ধরনের রাজনীতি, যেটি গোপন তৎপরতার মাধ্যমে সব সময় করা হয়।’
এদিকে বুধবার ছাত্রদলের সাধারণ সম্পাদকের মন্তব্যের পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছে ছাত্রশিবিরের নবনির্বাচিত সেক্রেটারি নুরুল ইসলাম।
শিবির সেক্রেটারি তার পোস্টে জাতীয় কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘এক আল্লাহ জিন্দাবাদ’ কবিতার প্রথম ৮ লাইন শেয়ার করেছেন।
যেখানে কবি লিখেছেন, ‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।
উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই;/ নিত্য মৃত্যু-ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই!/ ওরা মরিবেনা, যুদ্ধ বাধিলে ওরা লুকাইবে কচুবনে,/ দন্তনখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে।
প্রশ্ন ওঠেছে, জাতীয় কবির কবিতায় কী বোঝালেন শিবির সেক্রেটারি? তিনি কি ছাত্রদল সম্পাদকের করা মন্তব্যের জবাব দিলেন? অবশ্য, সেরকম মন্তব্য করতেই দেখা গেছে শিবির সেক্রেটারির অনুসারীদের।।

























