আ’লীগের ঝটিকা মিছিলের তথ্যে যশোরে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি

গত কয়েকদিন দেশের বিভিন্ন্ স্পট থেকে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের তথ্য আসছে। আর যশোরের কয়েকটি স্পটের ঝটিকা মিছিলের ছবি ভাইরাল হয়েছে। অপতৎপরতা ও বিশৃংখলা এড়াতে এসব মিছিল রুখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা থাকায় স্পট ও এলাকা চিহ্নিত করে গোয়েন্দা তৎপরতা ও পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এর অংশ হিসেবে যশোরে চলছে গোয়েন্দা তৎপরতা ও পুলিশি কঠোর নজরদারি। গত দু’দিন যশোর পুলিশের বিভিন্ন ইউনিটসহ আরো কয়েকটি সংস্থা যশোর শহর ও শহরতরীতে মহড়া দিয়েছে। যদিও এগুলো সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান বলে পুলিশের পক্ষে দাবি করা হচ্ছে।
২০ এপ্রিল যশোর শহর, শহরতলীর কয়েকডজন স্পটে অভিযান চালিয়েছে পুলিশ। গতকালও শহরতলীতে নজরজারি করেছে পুলিশের একাধিক টিম। যশোর কোতোয়ালি থানা পুলিশ কয়েকটি টিমসহ আরো কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা এ অভিযান চালিয়েছে বলে তথ্য মিলেছে। আর এ অভিযানে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের বিশেষ করে আওয়ামী ঘরানার লোকজন টার্গেট বলে সূত্রের দাবি। বিশেষ করে সম্প্রতি যশোরের কয়েকটি স্পটে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ভাইরাল হওয়ার ঘটনায় নজরদারি বাড়ানো হয়েছে।
সূত্রের দাবি, ২০ এপ্রিল দুপুরে সাবেক এমপি শাহীন চাকলাদার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ও যুবলীগ নেতা শেখ জাহিদ হোসেন মিলন, শফিকুল ইসলাম জুয়েলসহ অনেক নেতার বাড়িতে অভিযান পরিচালিত হলেও গোয়েন্দা নজরদারি করা হচ্ছে অনেক এলাকায়।
ঝটিকা মিছিল হতে পারে এমন কয়েকটি এলাকায় গোয়েন্দা নজদারি ছিল গতকালও। যশোর শহরের কাজীপাড়া, ঢাকা রোড, পুরাতন কসবা, সিটি কলেজপাড়া, চাঁচড়া রায়পাড়া, বিরামপুর, উপশহর, খোলাডাঙ্গা, ধর্মতলা, পালবাড়ি, ষষ্টিতলাপাড়া, শংকরপুর, রেলগেট, বেজপাড়া, আরএন রোড, খড়কী, কারবালা এলাকাসহ কয়েকটি স্পটে সিভিলে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের সিভিল পোষাকে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় থানা ও ফাঁড়ি পুলিশকে মোবাইল টিম ও টহল ডিউটি জোরদার করতে দেখা গেছে। সূত্রের দাবি, আগামি আরো কিছু দিন যশোরের বিভিন্ন এলাকায় পুলিশি নজরদারি জোরদার থাকবে। একাধিক টিম বিভিন্ন প্রতিষ্ঠানসহ তার আশপাশে থাকবে। এছাড়া শহর ও শহরতলীর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে গোয়েন্দা নজরদারিও রয়েছে।
আইনপ্রয়োগকারী সংস্থার প্রয়োজনীয় অভিযান কমে যাওয়ায় পলাতক আওয়ামী লীগ, যুবলীগ ও তার অঙ্গ সংগঠনের লোকজন সম্প্রতি প্রকাশ্যে আসতে শুরু করেছে। তারা কোনো অঘটন ঘটাতে পারে এমন শঙ্কা থেকে এবং ঝটিকা মিছিলের খবরে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রের দাবি। যেকোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, সেজন্য জেলার সকল উপজেলা পর্যায়েও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তথ্যভিত্তিক নজরদারি ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এই চলমান কার্যক্রমে বিভিন্ন মামলার আসামি, অপরাধী, মাদক ব্যবসায়ী সিন্ডিকেটগুলোর উপর নজরদারি করা হচ্ছে।
এদিকে সূত্র জানিয়েছে, বিগত জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর যশোরের অনেক নেতকর্মী গা ঢাকা দিয়ে আছেন, আবার অনেকে পুরোনো অনেক ঘটনায় করা মামলায় আসামি হয়েছেন। তাদেরকেও আটকের আওতায় আনার চেষ্টা চলছে এই অভিযান থেকে। ঝিকরগাছা এলাকার আওয়ামী ঘরানার দু’নেতাকে এই অভিযানে আটকও করা হয়েছে।
এ ব্যাপারে যশোর কেতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মঞ্জুল হক জানিয়েয়েছেন, মূলত অস্ত্র মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান চলমান রয়েছে। নির্দিষ্ট করে আওয়ামী লীগ ঘরানায় অভিযান চলছে এমন তথ্য সঠিক নয়। পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে অপ্রতিরোধ্যভাবে চলা সিন্ডিকেটগুলোর দিকেও নজরদারি করছে পুলিশ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অপরাধী আটক করার চেষ্টা চলছে। মাদক ব্যবসায়ীসহ সব ধরণের অপরাধী আটক ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
























