খুলনায় বর্ষিয়ান আওয়ামী লীগ নেতাকে মারপিট, পুলিশে সোপর্দ

খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলীকে পিটিয়ে পুলিশে দিয়েছেন একদল লোক
খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলীকে (৭২) বেদম মারপিট করে পুলিশে দিয়েছে একদল লোক। ১৪ জুন দুপুর ১টার দিকে নগরের ফুলবাড়ি গেট বাজারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্ষিয়ান লিয়াকত আলী খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং ফুলবাড়ি গেট বাজার বণিক সমিতির সভাপতি । মারধরের বিষয়টি নিশ্চিত করেন খানজাহান আলী থানার পরিদর্শক (তদন্ত) সনজিৎ কুমার ঘোষ।
একটি মামলায় ঈদের কয়েকদিন আগে কারাগার থেকে জামিনে মুক্ত হন লিয়াকত আলী। শনিবার দুপুরে খান জাহান আলী থানার বাদামতলা এলাকার বাড়ি থেকে ফুলবাড়ি গেট বাজারে মোবাইল মেরামতের জন্য এলে একদল লোক তাকে ঘিরে ফেলেন ও মারধর করে পুলিশে দেন।
পরিদর্শক (তদন্ত) সনজিৎ কুমার ঘোষ বলেন, ‘লিয়াকত আলী গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন লিয়াকত। তার বিরুদ্ধে দৌলতপুর, দিঘলিয়া, খান জাহান আলী এবং সাভার থানার কয়েকটি মামলা আছে। কিছুদিন আগে একটি মামলায় জামিনে মুক্ত হন।
























