গাংগুলিয়া স্কুলের এক শিক্ষককের বিরুদ্ধে শিক্ষিকাকে কু-প্রস্তাব ও হয়রাণির অভিযোগ

সহকারী শিক্ষক মাওলানা ফরিদ উদ্দিনের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় একই বিদ্যালয়ের শিক্ষিকাকে নানাভাবে হয়রাণি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই শিক্ষক আওয়ামী লীগ দলীয় প্রভাবশালী নেতা হওয়ায় দীর্ঘদিন পর তার কুকর্মের অভিযোগটি এখন সামনে এসেছে। ঘটনাটি মণিরামপুর উপজেলার গাংগুলিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের। ঘটনার শিকার শিক্ষিকা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ ও মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গাংগুলিয়া আর্দশ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাওলানা শিক্ষক ফরিদ উদ্দিন বিদ্যালয়সহ এলাকায় একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। যে কারণে বিদ্যালয়ের সকল কার্যক্রম তার হাতের ইশারায় চলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও এই মাওলানা শিক্ষক যেভাবে চালান, তিনি সেই ভাবেই চলেন। ফরিদ উদ্দিন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে কু-প্রস্তাব দিয়ে নিজের আয়ত্বে আনতে ব্যর্থ হয়ে অবশেষে প্রধান শিক্ষককে দিয়ে সহকারী শিক্ষিকাকে বিভিন্নভাবে হেনস্থ করেছেন। শিক্ষিকা কমার্স বিভাগ থেকে ডিগ্রি অর্জন করলেও তাকে বাধ্য করা হয় নতুন কারিকুলামে ইংরেজি প্রশিক্ষণ নিতে এবং ক্লাস করাতে। ২০২২ সালের নভেম্বর মাসে উচ্চতর স্কেল পাইয়ে দিতে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়। সেই টাকা মাওলানা শিক্ষক ও প্রধান শিক্ষক ভাগাভাগি করে নেন বলে শিক্ষিকা দাবি করেন। এছাড়াও তাকে সাময়িক বরখাস্ত করার ভয় দেখিয়ে শো’কজ করে সভাপতির মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় তাঁরা। কিছুদিন আগেও তাকে প্রধান শিক্ষককের সামনে জুতা পেটা করে মুখ ভেঙ্গে দেয়ার হুমকি দেয় মাওলানা শিক্ষক। শিক্ষিকার স্বামী স্ট্রোকের রোগী হওয়া সত্বেও তাকে ছুটি দেওয়া হয়নি।
অভিযোগ রয়েছে, মাওলানা শিক্ষক ও প্রধান শিক্ষককের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাকরি ছাড়তে বাধ্য হয়েছে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত আনছারী। তাকে শাবল দিয়ে মারপিট করা হয়েছিল বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে সহকারী শিক্ষক মাওলানা ফরিদ উদ্দিন বলেন, বিদ্যালয়ের কমিটির কোন কথা ওই শিক্ষিকা কর্ণপাত করেন না। তার সঙ্গে বিরোধের কারণ হলো, তিনি ওই শিক্ষিকাকে ইংরেজি ক্লাস নিয়মিত করার জন্য তাগিদ দেন। শিক্ষিকার সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে তিনি দাবি করেন। তবে অভিযোগের বিষয়ে গত ৬ অক্টোবর পুলিশ তদন্তে এসেছিল বলে তিনি জানান।
প্রধান শিক্ষক আলী আহম্মদ বলেন, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ বিষয়ে তাকে ডাকা হয়েছে, যা বলার সেখানেই বলবো।।
























