চুয়াডাঙ্গায় শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা, ২৯ কেন্দ্রে অংশ নিচ্ছেন ১১ হাজার ৭৬৫ জন

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গা জেলায় আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। জেলার চারটি উপজেলায় মোট ২৯টি কেন্দ্রে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ১১ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী।
জেলা শিক্ষা সূত্রে জানা গেছে, এসএসসি (সাধারণ) পরীক্ষার জন্য ১৯টি কেন্দ্রে ৮ হাজার ৯৭২ জন, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার জন্য ৫টি কেন্দ্রে ১ হাজার ৬৪২ জন এবং দাখিল পরীক্ষার জন্য ৫টি কেন্দ্রে ১ হাজার ১৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।
চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৫২ জন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৯০ জন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৬৬ জন এবং সাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৪৩৬ জন পরীক্ষার্থী।
আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৬৫ জন, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ২৩০ জন, মুন্সিগঞ্জ একাডেমি কেন্দ্রে ৪৯৭ জন এবং হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৪৮ জন পরীক্ষার্থী।
দামুড়হুদা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৪৪ জন, দামুড়হুদা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৪৪৩ জন, মেমনগর বি.ডি. মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩১১ জন, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩৪৪ জন, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৭১ জন এবং কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩২৭ জন পরীক্ষার্থী।
জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৯৬ জন, জীবননগর থানা সরকারি পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৮০ জন, আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৬০ জন, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ২২৮ জন এবং মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮৪ জন পরীক্ষার্থী।
**ভোকেশনাল ও মাদ্রাসা কেন্দ্রসমূহ:**
চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪৩৫ জন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫১ জন, আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৯৭ জন, দামুড়হুদা পাইলট গার্লস হাই স্কুল কেন্দ্রে ২৯৩ জন এবং জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩৬৬ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা কেন্দ্রে ২৪৭ জন, আলমডাঙ্গা আলিম মাদ্রাসা কেন্দ্রে ২৮৫ জন, দামুড়হুদা ডিএস দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২০৩ জন, কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১৬৩ জন এবং জীবননগর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২৫৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। নির্ধারিত সীমানার মধ্যে অননুমোদিত কোনো ব্যক্তির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্র সচিবকেও কেবল সাধারণ নন-অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের আগে তল্লাশি করা হবে। পরীক্ষা চলাকালীন জেলার সকল ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ কার্যকর রয়েছে।
প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত ও ভ্রাম্যমাণ তদারকির দায়িত্বে নিয়োজিত থাকবেন।
পরীক্ষার্থীদের শুরুর ৩০ মিনিট আগে আসন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি থাকলেও প্রোগ্রামযোগ্য ক্যালকুলেটর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষাকেন্দ্রে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিভিল সার্জনকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।।






















