চুয়াডাঙ্গায় অতিরিক্ত দামে সার বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় সার ও বীজ বিক্রেতা কামরুল হাসানকে বেশি দামে সার বিক্রির কারণে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তার প্রতিষ্ঠান, মেসার্স কামরুল ট্রেডার্স, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রি করছিল।
রবিবার (২৪ আগস্ট) সকাল থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়ায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তদন্তকালে দেখা যায়, বিক্রেতা কামরুল হাসান টিএসপি সার (বাংলা) ১,৩৫০ টাকার পরিবর্তে ২,৩০০ টাকায় এবং সাধারণ টিএসপি ১,৩৫০ টাকার পরিবর্তে ১,৮৫০ টাকায় বিক্রি করছিলেন। এ ছাড়াও তার দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৪০ ধারা লঙ্ঘনের দায়ে তাকে এই জরিমানা করা হয়। একই সঙ্গে, ৮ বস্তা বাংলা টিএসপি সার নকল সন্দেহে জব্দ করা হয়েছে এবং পরীক্ষার জন্য কৃষি অফিসে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও, অভিযানের সময় আশেপাশের অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়। তাদের সঠিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা হালনাগাদ করা এবং মেয়াদ উত্তীর্ণ বা নিম্নমানের পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানে ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।





















