চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে ভারতগামী যাত্রীর পায়ুপথে ৬টি সোনার বার

জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে ভারতগামী এক যাত্রীর পায়ুপথ থেকে ছয়টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। পরে মামলা হলে ওই যাত্রীকে গ্রেফতার দেখানো হয়।
বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। আটক ব্যক্তি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মেহের আলী মাতবর কান্দি গ্রামের গোলাম মওলা মাতবরের ছেলে সোহাগ (২৩)।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি জানান, সীমান্তের প্রধান খুঁটি ৭৬ হতে ১৫০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থিত আইসিপি (ইন্টারন্যাশনাল চেকপোস্ট)। সেখানে দুপুর আড়াইটার দিকে আইসিপি বিজিবি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিলসহ একদল বিজিব সদস্য ভারতগামী যাত্রী সোহাগের ব্যাগ তল্লাশি করে। এ সময় তার অসংলগ্ন কথার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে স্বীকার করে তার পায়ুপথে সোনার বার লুকানো আছে।
তিনি বলেন, এর পর তাকে দর্শনার একটি ক্লিনিকে এক্স-রে করানো হলে পায়ুপথে সোনার বারের অস্তিত্ব মেলে। তার কাছে থাকা ছয়টি সোনার বারের ওজন ৭০০ গ্রাম। এ ছাড়াও তার কাছ থেকে একটি ১৪ প্রো-ম্যাক্স মডেলের আই ফোন, ৮২৪ ভারতীয় রুপি ও ৪ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় নায়েব সুবেদার আব্দুল জলিল বাদী হয়ে আটক সোহাগের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করেছেন। আর জব্দ করা অবৈধ সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান লে.কর্নেল সাঈদ।।





















