চুয়াডাঙ্গায় বৃদ্ধার রক্তাক্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
চুয়াডাঙ্গা শহরের হকপাড়ায় নিজ ভাড়া বাসা থেকে গুলশান আরা চমন (৫৬) নামে এক বৃদ্ধার রক্তাক্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত গুলশান আরা চমন হকপাড়ার মৃত মহিউদ্দীন জোয়ার্দ্দারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হকপাড়ার ওই ভাড়া বাসায় একাই থাকতেন গুলশান আরা। টানা দুই দিন তার কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে যান। এসময় ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, “মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”





















