জাপা ও গণপরিষদের পাল্টাপাল্টি ধাওয়া, লাটিচার্জে ভিপি নুরসহ ৫০ জন আহত

অনলাইন ডেস্ক।।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতf-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একইসাথে, ইট-পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পরপরই গণঅধিকার পরিষদ সংবাদ সম্মেলন ডাকলে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। নেতা-কর্মীদের সরে যেতে সময় বেঁধে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি বেগতিক হওয়ায় রাত সোয়া ৯টার দিকে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় নুরকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দাবি করেছেন, তাদের নেতা-কর্মীদের ওপর জাপা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আচমকা পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে।
এদিকে, রক্তাক্ত আহত নুরুল হক নুরকে নিকটস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আর রাশেদ খানসহ আটজন নেতা-কর্মী ও আহত কয়েকজন পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে রাশেদ খান ছাড়াও আছেন হাসান তারেক (২৮), ফারজানা কিবরিয়া (৩০), মইনুল ইসলাম (৩৫), মেহবুবা ইসলাম (৩০), পুলিশের পরিদর্শক আনিছুর রহমান (৪২), আবু বক্কর (৩০) ও তারেক আজাদ (২৫)
রাশেদ খান অভিযোগ করে বলেন, ‘আমরা জাতীয় পার্টির কার্যালয়ে যায়নি। কিন্তু জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে আমাদের মিছিলে হামলা চালিয়েছে। আমাদের কার্যালয়ের সামনে এসে লাঠিপেটা করা হয়েছে’।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক জানান, সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কাকরাইল থেকে পুলিশ সদস্যসহ মোট আটজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। জরুরি বিভাগে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। সূত্র : বাংলানিউজ২৪
























