জীবননগরে বিজিবির অভিযানে ৯৮ বোতল মদ ও ১৩ কেজি গাঁজা উদ্ধার

জীবননগর উপজেলার গয়েশপুর ও উথলী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ৯৮ বোতল ভারতীয় মদ ও ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। বুধবার (৫ মার্চ) সকালে মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এই অভিযান পরিচালনা করে।
মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের বিজিবি সূত্রে জানা যায়, গয়েশপুর বিওপির দায়িত্বাধীন এলাকায় সীমান্ত পিলার ৬৮/৫-এস থেকে আনুমানিক ২০ গজ ভিতরে বাংলাদেশের গয়েশপুর উত্তর পাড়া গ্রামের একটি আমবাগান থেকে জেসিও ৮৭৩১ নম্বর সুবেদার মোঃ আলী হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় আসামিবিহীন অবস্থায় ৯৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ১,৪৭,০০০ টাকা। মদগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা করা হয়েছে।
একই দিনে উথলী বিওপির দায়িত্বাধীন এলাকায় মেনই পিলার ৭৩ থেকে আনুমানিক ৫০০ গজ ভিতরে সিংনগর গ্রামের একটি মাঠ থেকে হাবিলদার মোঃ শাহানুর আলমের নেতৃত্বে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় আসামিবিহীন অবস্থায় ১৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। গাঁজার আনুমানিক বাজার মূল্য ৪৫,৫০০ টাকা। উদ্ধারকৃত গাঁজাও ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা করা হয়েছে।
বিজিবি সূত্রে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধ কার্যকলাপ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে।





















