ঝিনাইদহে ডিবির সাঁড়াশি অভিযান: ৫০ পিস ইয়াবাসহ নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

দৈনিক পদ্মা সংবাদ | নিজস্ব প্রতিবেদক।
মাদকবিরোধী অভিযানে ফের সফলতা পেয়েছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলার পৌর এলাকার কালীকাপুর পশ্চিমপাড়ায় পরিচালিত বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক নারীসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান-এর সার্বিক দিকনির্দেশনায় মাদক নির্মূলে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে শনিবার (৪ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল কালীকাপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। ডিবির অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানে এসআই মুরাদ, এসআই রাকিবসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে রাকিবুল ইসলামের বাড়ির সামনের ইটের সলিং সড়ক থেকে তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাজিব মন্ডল (৩৫), সদর উপজেলার লাউদিয়া এলাকার বাসিন্দা; মো. ইমরান হোসেন ওরফে ইমন (২৫), ভড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা; এবং মুনিয়া উম্মেজান অণ্যি (২৪), শৈলকুপা উপজেলার চরপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে কালীকাপুর পশ্চিমপাড়া মোল্লাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এ মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে। সচেতন মহল ডিবি পুলিশের এ সফল অভিযানকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানিয়েছেন।



















