ঢাবি থেকে আটক ডাকসুর আখতার, পুলিশের গ্রেনেডে আহত দুই সাংবাদিক

মঙ্গলবার (১৬ জুলাই) সারাদেশে ছাত্রলীগের সাথে সংঘর্ষ ও পুলিশের গুলিতে নিহত হওয়া শিক্ষার্থীদের জন্য গায়েবানা জানাজায় এসে পুলিশের হাতে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। এ সময় পুলিশের সাউন্ড গ্রেনেডের আঘাতে দুই সাংবাদিক গুরুতর আহত হন।
আজ বুধবার (১৭ জুলাই ) পৌনে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশি হামলার প্রতিবাদে কফিন মিছিল ও গায়েবানা জানাজায় অংশ নিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে টিএসসিতে আসেন আখতার। এ সময় পুলিশ তাকে ক্যাম্পাস থেকে বের করে দেয়ার চেষ্টা করলে তিনি রাস্তায় শুয়ে পড়েন। তার তিনদিকে ছিলেন বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও একদিকে পুলিশ সদস্যরা তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখানে উপস্থিত সাংস্কৃতিক কর্মীরা এর প্রতিবাদ করেন।
এরপর হঠাৎ করে পুলিশ পর পর তিনটি সাউন্ড গ্রেনেড ছুড়ে মারেন। এতে দুই সাংবাদিক আহত হন। আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়, তিনি হলেন চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার সোলায়মান কবীর। আহত অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় উপস্থিত সংবাদকর্মীরা।
এদিকে গ্রেনেড নিক্ষেপের সাথে সবাই ছত্রভঙ্গ হয়ে গেলে তখন আখতারকে টেনেহিঁচড়ে রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দীর গেটে রাখা কার্ভাডভ্যানে উঠানোর চেষ্টা করে পুলিশ। তিন চার মিনিট ধস্তাধস্তির পর ভ্যানে উঠাতে সক্ষম হয় পুলিশ।
এদিকে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর গ্রেনেড নিক্ষেপে উপস্থিত সাংবাদিকরা পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা বলেন, ‘পুলিশও পেশাগত দায়িত্ব পালন করছে আমরাও করছি সেখানে কেন তারা গ্রেনেড মারবে?’




















