তুমি আসবে বলে!

রাশিদা- য়ে আশরার,কবি সাহিত্য সম্পাদক দৈনিক পদ্মা সংবাদ।
তুমি আসবে বলে প্রকৃতির চোখে মুগ্ধতার রেশ
স্নিগ্ধ শোভন হাওয়াই জানাই সুসংবাদ…
হৃদয়ে খুশির দোলা- মত্ততা ছড়ায় প্রাণের আবেশ;
কৃষ্ণচূড়ার ছায়ায় লাল গালিচা বিছিয়ে উষ্ণ অভ্যর্থনায়!
গোলাপ,টগর, জুই, জবা,রজনীগন্ধা গন্ধরাজ,
সেজেছে নতুন সাজে সবাই…
বাগানবিলাস, হাসনাহেনা,চন্দ্রমল্লিকা শিউলি,বকুল
যেন বসেছে বসন্ত মেলা- মনের বনে ফুটেছে ফুল,
ডাকছে পাপিয়া শিমুল পলাশ আম্রকানন শাখায়!

ঝিল- বিল- শান্ত দীঘি শাপলা- শালুক, পদ্ম পাতার
আসন সাজিয়ে সরব অদ্ভুতভাবে অঙ্গ ভঙ্গিমায়,
তুমি আসবে বলে- ভালোবাসবে বলে ওরাও জানাই সাদর সম্ভাষণ!
তোমার চোখের কাজল কালোতে অজস্র মেঘ ;
আকাশের শুভ্র সাদাই মিশে ভালোবাসার প্লাবন
ঝরছে অঝোরে শ্রাবণ ধারায়…
স্নিগ্ধ বাতাসে হৃদয় মাতন তুলে খুশির হিন্দোল …
সুবোধ বালিকার মতো তোমার চোখে চোখ রেখে,
তোমার হাতে হাত রেখে কাব্যিকতায় যাব হারিয়ে…
অগাধ বিশ্বাসে অচেনা পথের বাঁকে- অজানা কৌতূহলে!
শত অভিব্যক্তিতে পুড়ে প্রাঞ্জল ও স্বতঃস্ফূর্তভাবে;
তোমার প্রেমের পালকিতে চড়ে যদি মরণ আসে-
বিরল বাতাসে পুড়ে,তবুও হব অমর প্রাপ্তি ও পূর্ণতায়!
মৃত্যু শুধু শেষ নয় জীবনের, থাকবে অন্য জগতে
প্রত্যাবর্তনের পথে- পরমাত্মা দের সাথে!
তোমার বুকের চরে দ্বীপ হয়ে উঠব জেগে মহাকালের গর্ভে…
বিভোর হবো মোরা আর জনমের হংস মিথুন হয়ে!
২০২১























