দর্শনায় এক মাসে উদ্ধার ১৪টি বোমা, রহস্যের জট এখনো অমীমাংসিত

চুয়াডাঙ্গার দর্শনা অঞ্চলে মাত্র এক মাসের ব্যবধানে ছয়টি ভিন্ন ভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে মোট ১৪টি বোমা। এ ঘটনায় থানায় দায়ের করা হয়েছে তিনটি পৃথক মামলা এবং পুলিশ গ্রেপ্তার করেছে চারজনকে। তবে আড়াই মাস পেরিয়ে গেলেও উদ্ধার হওয়া এসব বিস্ফোরক দ্রব্যের পেছনের প্রকৃত রহস্য এখনও উদঘাটিত হয়নি।
সূত্র জানায়, ফেব্রুয়ারির ১৩, ১৫ ও ১৬ তারিখে কেরুজ চিনিকলের আশপাশের তিনটি স্থানে পরিত্যক্ত অবস্থায় ছয়টি বোমা পাওয়া যায়। এসব ঘটনায় চিনিকলের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা মুজাহিদুল ইসলাম দুটি মামলা দায়ের করেন। একই মাসের ২০ তারিখে ঈশ্বরচন্দ্রপুর ও আকন্দবাড়িয়া এলাকা থেকে আরও সাতটি বোমা উদ্ধার হয়। এই ঘটনায় রুবেল নামে এক ব্যক্তি থানায় আরেকটি মামলা করেন। মার্চের ১৪ তারিখে কেরুজ ইটখোলা মাঠ থেকে আরও একটি বোমা উদ্ধার করা হয়।
মামলাগুলোর তদন্তের অংশ হিসেবে পুলিশ দক্ষিণচাঁদপুর এলাকার আলহীম, লিপন, রানা এবং করপোরেশন লাইনপাড়ার বাসিন্দা রাসেল উদ্দিন টগরকে আটক করে। তবে আদালত পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। এর মধ্যে আলহীম ও লিপন জামিনে মুক্ত হলেও রাসেল উদ্দিন টগর এবং আরও একজন এখনো কারাগারে রয়েছেন।
রাসেল উদ্দিন টগরের পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে টগর মিথ্যা মামলায় ফাঁসেছেন। তারা অভিযোগ করেছেন, চিনিকল নির্বাচনকে কেন্দ্র করে একদল স্বার্থান্বেষী মহল তাকে জড়িয়ে ষড়যন্ত্র করেছে।
কেরুজ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ সবুজ বলেন, “টগর একজন জনপ্রিয় শ্রমিক নেতা। তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হয়েছে। সঠিক তদন্ত হলে প্রমাণ হবে টগরের কোনো সম্পৃক্ততা নেই।” তিনি আরও দাবি করেন, টগর শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তার জামিন নিশ্চিত ও মামলা থেকে অব্যাহতি প্রয়োজন।
এদিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর জানিয়েছেন, “তদন্ত এখনো চলমান। চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত কোনো মন্তব্য করা সম্ভব নয়।”
























