দর্শনায় ভোক্তা অধিকারের অভিযান:১৩ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার শিল্পনগরী দর্শনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার (২ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে দর্শনা বাজারে এই অভিযান চালানো হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা অভিযানে ওষুধ, প্রসাধনী, মাংস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বিক্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করা হয়।
অভিযানের সময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়। এম আর স্টোর (মালিক: মো. আব্দুল ওদুদ) এবং সরদার স্টোর (মালিক: মো. জহিরুল ইসলাম) প্রত্যেককে ৪,০০০ টাকা করে এবং দেওয়ান স্টোর (মালিক: মো. জসিম উদ্দিন) কে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। মোট ১৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় দোকান মালিকদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















