দুঃশাসন লুটপাট ভোগবিলাস

বাংলাদেশে শেখ হাসিনার দানবীয় শাসনামলে সংঘটিত গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা এবং দেশের ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র সম্প্রচার করেছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। ‘রিবিল্ডিং বাংলাদেশ ডেমোক্রেসি আফটার শেখ হাসিনা’ শিরোনামে ৪৯ মিনিটব্যাপী এ তথ্যচিত্রটি সম্প্রচারিত হয় গত শুক্রবার। তাতে তুলে ধরা হয়েছে ভিন্নমত দমনে গঠিত গোপন নির্যাতনকেন্দ্র ‘আয়নাঘর’-এর ভয়াবহতা, শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসামূলক কার্যক্রম এবং তার ১৫ বছরের শাসনামলে দেশের বিপুল অর্থ কীভাবে বিদেশে পাচার হয়েছেÑ সেসবের তথ্যপ্রমাণ। তথ্যচিত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট আইনজীবী বক্তব্য দিয়েছেন। পাশাপাশি শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে গুম-নিপীড়নের শিকার একাধিক ব্যক্তি ও তাদের স্বজনরা তাদের ভীতিকর অভিজ্ঞতা তুলে ধরেছেন।
আল জাজিরা তথ্যচিত্রে তুলে ধরে, ২০১৪ সালে নির্বাচনী জয় নিশ্চিত করতে শেখ হাসিনা কীভাবে গুমের রাজনীতি শুরু করেন। ওই সময় বিএনপি নেতা ও সমাজকর্মী সাজেদুল ইসলামকে তুলে নিয়ে গুম করে তার সরকার। এরপর থেকে সাজেদুলের আর কোনো খোঁজ পায়নি পরিবার।
সাজেদুল ইসলামের বোন সানজিদা ইসলাম তুলি আল জাজিরাকে জানান, ভাইয়ের সন্ধান না পেয়ে তিনি গুম হওয়া পরিবারের পাশে দাঁড়াতে ‘মায়ের ডাক’ নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন। আটটি পরিবার নিয়ে যাত্রা শুরু করা সংগঠনটিতে বর্তমানে অন্তর্ভুক্ত হয়েছে প্রায় এক হাজার গুমের শিকার পরিবার। প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় আজও প্রতিনিয়ত অপেক্ষা করছেন তারা। এমনকি তারা জানেন না, তাদের প্রিয়জনরা আদৌ বেঁচে আছেন কি না।
এই ভয়াবহ গুমের রাজনীতি থেকে ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন দুই আলোচিত ব্যক্তিÑ হুম্মাম কাদের চৌধুরী ও আবদুল্লাহিল আমান আযমী। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা গণ-অভ্যুত্থানের মুখে দেশত্যাগ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে বছরের পর বছর ডিজিএফআই নিয়ন্ত্রিত অন্ধকার ও নির্জন কক্ষে আটকে রাখা হয় তাদের।
হুম্মাম কাদের চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। তিনি জানান, ২০১৫ সালে তার বাবার ফাঁসি কার্যকরের নয় মাস পর তাকে অপহরণ করে একটি জানালাবিহীন কক্ষে বন্দি করে রাখা হয়। তাকে রাখা হয়েছিল কুখ্যাত ‘আয়নাঘর’-এ, যা ছিল এক ধরনের মানসিক নির্যাতনের কেন্দ্র। তিনি বলেন, ‘এটাকে আয়নাঘর বলা হয়, কারণ এখানে আপনি কাউকে দেখতে পাবেন না, নিজেকেই হারিয়ে ফেলবেন। যখন খুশি তারা এসে তুলে নেয়, জিজ্ঞাসাবাদ করে, মারধর করে। এটা নিছক কারাবাস নয়, এটি ছিল এক ভয়াবহ মানসিক নির্যাতন।’
আবদুল্লাহিল আমান আযমীকে দীর্ঘ আট বছর ধরে আয়নাঘরে আটকে রাখার পর ২০২৪ সালের ৭ আগস্ট ঢাকার এক রাস্তায় ছেড়ে দেওয়া হয়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার ছিলেন, কিন্তু ২০০৯ সালে কোনো কারণ বা অভিযোগ ছাড়াই তাকে বরখাস্ত করা হয় এবং গোপনে আটক রাখা হয়। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আযমী বলেন, ‘আমি মোট ৬৯ হাজার ৭৯৪ ঘণ্টা আটক ছিলাম। রাতে ঘুমাতে পারতাম নাÑ প্রতিটি শব্দে মনে হতো ওরা আমাকে নিতে আসছে। আমি শুধু ভোরের অপেক্ষা করতাম, ভাবতাম ওরা দিনে হত্যা করবে না।’ আটকের পুরো সময়টাই তিনি সূর্য, চাঁদ, আকাশ কিংবা মেঘÑ প্রকৃতির কোনো আলো দেখেননি।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর একে একে প্রকাশ্যে আসে এই নৃশংস আয়নাঘরগুলোর অস্তিত্ব। ওই বছরের ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত এসব গোপন বন্দিশালার পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তখন আয়নাঘরে আটক থাকা ব্যক্তিরা তাদের ওপর চালানো নির্যাতনের করুণ চিত্র তার কাছে তুলে ধরেন।
এ সময়ের আরেক গুমের শিকার ব্যক্তি হলেন লেখক রাজন ব্যাপারী। আল জাজিরা জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলাগুলোর আইনি ত্রুটি নিয়ে লেখা একটি বইয়ের কারণে তাকে তুলে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বন্দুক ঠেকিয়ে অপহরণ করার পর মুখে কালো কাপড় বেঁধে কোথায় নেওয়া হচ্ছে, তা জানতেন না তিনি। এরপর দিনের পর দিন চলে নির্যাতন। জিজ্ঞাসাবাদের নামে তাকে ক্রমাগত মারধর করা হয়, জানতে চাওয়া হয়Ñ কেন তিনি খালেদা জিয়াকে নিয়ে বই লিখেছেন। নিজের ওপর চালানো নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে রাজন বারবার কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, তার পায়ের তলা থেকে কোমর পর্যন্ত বেধড়ক প্রহারে জখম করা হয়, দুই হাতের আঙুল ভেঙে দেওয়া হয়। এমনকি লোহার তারকাঁটা বিছিয়ে তার ওপর দাঁড় করিয়ে রাখা হতোÑ এই ভয়াবহ মানসিক ও শারীরিক নির্যাতন ছিল অসহনীয়।
তবে নিজ দেশে নিপীড়নের শিকার জনগণকে উপেক্ষা করে শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক পুরস্কার ও সম্মাননা পাচ্ছিলেন। দীর্ঘ সময় ধরে ভয়ের পরিবেশে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতেও সাহস করেনি। তবে ২০২৪ সালের জুনে পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হতে শুরু করে। ২০১৮ সালের ৪ অক্টোবর চাকরিতে কোটাব্যবস্থা চালুর সরকারের প্রজ্ঞাপন হাইকোর্ট অবৈধ ঘোষণা করলে ছাত্রদের মধ্যে নতুন করে আন্দোলনের ঢেউ ওঠে। জুলাই মাসে এই আন্দোলন আরও তীব্র হয়ে উঠলে আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়। ৫ আগস্ট বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনার বাসভবন ঘেরাও করে। এই চাপের মুখে হাসিনা দেশত্যাগ করে ভারতে পালিয়ে যান।
তথ্যচিত্রে বিশেষভাবে তুলে ধরা হয় এই আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকেÑ যা ছিল শান্তিপূর্ণ, মানবিক এবং নিরপেক্ষ। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আল জাজিরাকে জানান, ‘বাংলাদেশ সেনাবাহিনী কখনো দেশের মানুষের দিকে গুলি চালায় না। এটা আমাদের সংস্কৃতির অংশ। আমরা চেয়েছি কম রক্তপাত, কম বিশৃঙ্খলার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হোক।’ তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, সেনাবাহিনীর রাজনীতিতে জড়ানো উচিত নয়। তাই আমরা হস্তক্ষেপ করিনি।’ আল জাজিরা মন্তব্য করে, মূলত সেনাবাহিনীর এই নিরপেক্ষ অবস্থানই শেখ হাসিনার দীর্ঘকালীন কঠোর শাসনের পতনে বড় ভূমিকা রাখে।
তথ্যচিত্রে আরও তুলে ধরা হয় শেখ হাসিনা সরকারের আর্থিক দুর্নীতির ভয়াবহতা। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার পাশাপাশি বাংলাদেশকে অর্থনৈতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে ঠেলে দেয় তার সরকার। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয় শেখ পরিবার ও তাদের অনুসারীদের দ্বারা। আইএমএফের সাবেক অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, ‘শেখ হাসিনার আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাংক ডাকাতি হয়েছে। এমনকি অস্তিত্বহীন কোম্পানিকেও কোটি কোটি টাকার ঋণ দিতে শেখ হাসিনা নিজে নির্দেশ দিতেন।’ তার ভাষায়, ‘আমার ২৮ বছরের আইএমএফের অভিজ্ঞতায় কখনো দেখিনি যে বেসরকারি খাতের কিছু অভিজাত শ্রেণির হাতে রাষ্ট্রীয় হস্তক্ষেপের মাধ্যমে পুরো ব্যাংকব্যবস্থাকে জিম্মি করে ফেলা সম্ভব।’
আল জাজিরার অনুসন্ধানে উঠে আসে, শেখ হাসিনার অনেক মন্ত্রী ও এমপি এখন বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বার্ষিক বেতন যেখানে ১৫ হাজার ডলারেরও কম, সেখানে লন্ডনে তার অর্ধ মিলিয়নেরও বেশি মূল্যের সম্পত্তির খোঁজ পাওয়া গেছে।
শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা ও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে তথ্যচিত্রে বিশেষভাবে প্রশংসা করা হয়। প্রশাসনিক সংস্কার, বিচারব্যবস্থা পুনর্গঠন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এই সরকারের সাফল্যের কথাও তুলে ধরা হয়।
তবে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ বেশকিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেও তথ্যচিত্রে উল্লেখ করা হয়। এর মধ্যে ‘মব ভায়োলেন্স’ বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ, বাংলাদেশে ইসলামি উগ্রবাদীদের উত্থান ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচারসহ নানা বিষয় উল্লেখ করা হয়েছে তথ্যচিত্রে। ৫ আগস্টের পর হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আল জাজিরাকে জানান, ‘হিন্দুদের খুঁজে আক্রমণ করা হচ্ছে না। বরং মানুষজন ফ্যাসিস্টের অনুসারীদের ওপর হামলা করেছে। সব ধর্ম মিলেই আমরা একটি পরিবার। তবে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা আছে। এক দল আরেক দলের মতামত মেনে নেয় না। তার মানে এই নয় যে, সব ভেঙে পড়বে।’ সাকরাইনসহ বিভিন্ন উৎসবে গান-বাজনা, ডিজে পার্টি না করার জন্য আন্দোলন করেছে বেশ কিছু ইসলামিক গোষ্ঠী। এর প্রভাবে দীর্ঘদিন ধরে পালন করে আসা সাকরাইন উৎসব এবার ছিল জাঁকজমকহীন। এমন অনেক সমস্যার চিত্র তুলে ধরা হয়েছে তথ্যচিত্রটিতে।
























