পিএসসির প্রশ্নফাঁস চক্রের মূল হোতা সিআইডির জালে

দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের অন্যতম মূল হোতা মতিউর রহমানকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। বুধবার (৩ সেপ্টেম্বর) মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম।
সিআইডি জানায়, অভিযুক্ত মতিউর রহমান মোবাইল ব্যাংকিং ব্যবহার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজেশনের আড়ালে প্রশ্নপত্র সরবরাহ করত। অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম আরও বলেন, “প্রতারকরা বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ নিয়েছে। আমাদের কাছে এসব লেনদেনের সব তথ্য-উপাত্ত রয়েছে।” তিনি যোগ করেন, এই ধরনের ঘটনা পিএসসির মতো একটি স্বনামধন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করেছে।
তদন্তে জানা গেছে, টাকা প্রদানকারী ব্যক্তিরা ইনবক্স এবং কুরিয়ারের মাধ্যমে প্রশ্নপত্র পেত। ফেসবুকে দেওয়া একটি বিজ্ঞাপনের সূত্র ধরে এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে ঐ পেজের অ্যাডমিনকে চিহ্নিত করে জামালপুর জেলা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সিআইডি জানিয়েছে, তাদের কাছে থাকা সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে যে এই আসামীই অপরাধের সঙ্গে জড়িত। মতিউর রহমানের বিরুদ্ধে পিএসসির সহকারী পরিচালক সুকর অঞ্জন সমাজদার শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং শিগগিরই তাদেরও গ্রেফতার করা হবে।।





















