ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক।।
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠকে হওয়া আলোচনা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে এই মন্তব্য করেন তিনি।
মাহ্দী আমিন বলেন, ‘আজকে এখানে যে খোলামেলা আলোচনা হয়েছে, সেখানে সেই জাতীয় স্বার্থে দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। আমরা বিশ্বাস করি যে, যেকোন দেশে যারা পলাতক স্বৈরাচারের প্রতি অপশক্তি রয়ে গিয়েছে এবং তারা পালিয়ে গিয়েছে সেখান থেকেও কোনো ধরনের অস্থিতিশীলতা বাংলাদেশে যেন তৈরি করা না হয়।’
তিনি বলেন, ‘আমরা পতিত স্বৈরাচারে যে সহিংসতা এবং নাশকতা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী প্রতিটি শক্তি একসাথে ঐক্যবদ্ধ রয়েছে। আজকে এই মতবিনিময়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই আপনাদের সবার কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই যে ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে গোটা বাংলাদেশ আমাদের মত-পথ-আদর্শ-দর্শনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ রয়েছে এবং আমরা চাই গণতান্ত্রিক যে অভিযাত্রা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে দুর্বার গতিতে স্বনির্ভর বাংলাদেশের পথযাত্রা রয়েছে, সেটি ইনশল্লাহ আমরা সবাই মিলে কাঁধে কাধ মিলে বাস্তবায়ন করব।’
মাহ্দী আমিন বলেন, ‘বৈঠকে গণতান্ত্রিক সরকারের যে অভিযাত্রা রয়েছে জনগণের ভোটে নির্বাচিত সরকারের এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে নীতি সহাবস্থান থাকবে সহিষ্ণুতা থাকবে, সম্মানবোধ থাকবে, সেটারই আমরা আজকে বহিঃপ্রকাশ দেখেছি। আমরা বিশ্বাস করি জুলাই গণঅভ্যুত্থানে আমরা গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা দেখেছিলাম সব শ্রেণি-পেশার ধর্মের বর্ণের সব মত-পথের মানুষ এক হয়েছিল। কারণ এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চেয়েছিলাম যেখানে মানবাধিকার, আইনের অনুশাসন, বাক্স্বাধীনতা থাকবে এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চেয়েছিলাম যেখানে ফ্যাসিবাদীর বিরুদ্ধে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করব। আজকে এখানে যে মতবিনিময় হয়েছে সেখানে সে আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ ফুটে উঠেছে।’
তিনি বলেন, ‘বিএনপি বিশ্বাস করে প্রধানমন্ত্রী সবসময় বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল আমাদের স্বাধীনতা অর্জনের। আর ২৪ এর গণঅভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা, মানবাধিকার রক্ষা এবং প্রতিষ্ঠার আন্দোলন। আমরা বিশ্বাস করি, এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে বিএনপির যে নীতি সবার আগে বাংলাদেশ তার বহিঃপ্রকাশ ঘটিয়ে, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠাকেই সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের আর্থসামাজিক উন্নয়ন এবং কীভাবে আমরা আমাদের শিল্পের সুরক্ষা দিতে পারি, কর্মসংস্থান তৈরি করতে পারি এই জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে আমাদের একমত হতে হবে।’
এক প্রশ্নের জবাবে মাহ্দী আমিন বলেন, ‘এনসিপি আপনাদের সামনে কি বলেছে আমরা জানি না। মতবিনিময় সভায় এনসিপির প্রতিনিধিদল, উনারা উনাদের বিষয়গুলো তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রী সরকার অবস্থান তুলে ধরেছেন এবং এখানে ঐক্য নতুনভাবে হওয়ার কিছু নাই।’
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে সেই জুলাই আগস্টেই কিন্তু আমাদের একটা ঐক্য ফুটে উঠেছিল। সে ঐক্যের সময় কেউ চিন্তা করেনি কার রাজনৈতিক আদর্শ কি। আমাদের দেশে বিদেশে সকল শ্রেণি-পেশার মানুষ এক হয়েছিল। সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য যেটা সত্যি স্বাধীন সার্বভৌম এবং তাঁবেদার মুক্ত যে বাংলাদেশ জনগণের সকল রাষ্ট্র ক্ষমতার মালিক সে বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তো গণতন্ত্রকামী বাংলাদেশের মানুষের ইতিমধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়ে রয়েছে আমরা সে ঐক্য টাকে আরো সুসংহত করতে চাই।’
সংস্কারের সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও সেটা বলেছেন যে বিএনপি সরকার ‘নোট অব ডিসেন্ট’-এর মত করে যেভাবে আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে এবং নির্বাচনী পথযাত্রায় আমাদের জুলাই সনদে স্বাক্ষর করেছিল সেটাকে শতভাগ ইনশল্লাহ বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে নূন্যতম কোনো বিচ্যুতি নেই।’
তিনি বলেন, ‘সরকার যেভাবে সংস্কার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছে এবং আমরা দেখেছি সরকার গঠনের পর আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রেকর্ড প্রায় শতাধিক অর্ডিন্যান্সকে আইনে রূপান্তর করা হয়েছে। সংস্থার একটি চলমান প্রক্রিয়া এবং সেটা অবশ্যই আমরা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইনশাল্লাহ বাস্তবায়ন করব।’
আজ দুপুর ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল বৈঠকে বসে। বৈঠকেটি ১টা ৫৫ মিনিটে শেষ হয়। বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু উপস্থিত ছিলেন। বৈঠকের পর এনসিপির নেতৃবৃন্দকে নিয়ে মধ্যাহ্নভোজ করেন প্রধানমন্ত্রী।এরপর এনসিপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বৈঠকের বিষয়বস্ত জানিয়ে আলাদা আলাদা ব্রিফিং করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ‘প্রধানমন্ত্রী এনসিপি নেতাদের সঙ্গে কথা বলেছেন, মতবিনিময় করেছেন। দেশের সম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আপনাদের আমাদের সামনে এখন সারাদেশে যে অবস্থাগুলো চলছে সব বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে। এনসিপি নেতারা তাদের বিভিন্ন কথাবার্তা বলেছেন, প্রধানমন্ত্রী কথাবার্তা বলেছেন। মতবিনিময় এই সভা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা হয়েছে।’
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক, প্রধানমন্ত্রী কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারি উপস্থিত ছিলেন।
























